ঢাকা-চট্টগ্রাম মহাসড়ককে গাড়ি চলাচলের উপযোগী করে রাখতে সীতাকুণ্ডের বড় দারোগারহাটে অবস্থিত এক্সেল লোড কন্ট্রোল স্টেশনে ওজন পরিমাপের দুটি যন্ত্র স্থাপন করা হচ্ছে। আজ শুক্রবার সকালে এর উদ্বোধন করবেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সূত্র জানায়, ওজন পরিমাপের যন্ত্রগুলো আমদানি করা হয়েছে ইংল্যান্ড থেকে। এতে ব্যয় হয়েছে এক কোটি ২০ লাখ টাকা। যন্ত্র দুটি স্থাপনে আনুষঙ্গিক খরচসহ মোট ব্যয় হচ্ছে প্রায় দুই কোটি টাকা। তিন পালায় এগুলোর পরিচালনায় কমপক্ষে ৭০ থেকে ৭৫ জন লোকের প্রয়োজন হবে। ঠিকাদারি প্রতিষ্ঠান এটিটি যন্ত্রগুলো আমদানি করে।সওজের চট্টগ্রাম জেলার নির্বাহী প্রকৌশলী রানাপ্রিয় বড়ুয়া এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘মহাসড়ককে যান চলাচলের উপযোগী করে রাখতে আমাদের মন্ত্রী (যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের) আজ সকালে বড় দারোগারহাটে এক্সেল লোড কন্ট্রোল স্টেশনের উদ্বোধন করবেন। ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে ইতিমধ্যে ওজন পরিমাপ যন্ত্র আমদানি করা হয়েছে।’নির্দিষ্ট ওজনের চেয়ে মাত্রাতিরিক্ত পণ্যবোঝাই ট্রাক ও বড় বড় ট্রাক্টর-ট্রেইলরের নিয়ন্ত্রণহীন চলাচলের কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কোথাও না কোথাও হয় দেবে যাচ্ছিল, না হয় উঁচু হয়ে যাচ্ছিল। এতে মহাসড়কটি কার্পেটিং করার পর বারবার উঁচু-নিচু এবং এবড়োখেবড়ো হয়ে পড়ছিল। এ কারণে কোথাও ছোটখাটো গর্ত, আবার কোথাও সাত-আট ইঞ্চি উঁচু ঢিবির মতো দেখা যাচ্ছিল। এ ধরনের সড়ক দিয়ে ঝুঁকিপূর্ণভাবে যানবাহন চলাচল করছিল হেলেদুলে কিংবা কাত হয়ে।ঠিকাদারি প্রতিষ্ঠান এটিটির ব্যবস্থাপনা পরিচালক মেহবুব কবির প্রথম আলোকে বলেন, বড় দারোগারহাটে আরও দুটি ওজন পরিমাপ যন্ত্র স্থাপিত হলে মাত্রাতিরিক্ত পণ্য পরিবহনের প্রবণতা কমে আসবে। এতে মহাসড়ককে যান চলাচলের উপযোগী রাখা সম্ভব হবে। আর দাউদকান্দিতে এ ধরনের আরও দুটি যন্ত্র স্থাপিত হওয়ায় মেঘনা ও গোমতী সেতুকে রক্ষা করা সম্ভব হয়েছে।