সীতাকুণ্ডের সব প্রার্থীকে নিয়ে বৈঠক করবেন রিটার্নিং কর্মকর্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভা নির্বাচনে আচরণবিধি ভঙ্গের ঘটনা বাড়তে থাকায় প্রার্থীদের নিয়ে বৈঠক করবেন রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল ইসলাম ভুইয়া। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ বৈঠক হবে। মেয়র ও কাউন্সিলর পদপ্রার্থীদের আচরণবিধি মেনে নির্বাচনী প্রচারণা চালানো ও আইনশৃঙ্খলা বজায় রাখতে ইউএনও নির্দেশনা দেবেন। গতকাল সোমবার বিকেলে প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন নাজমুল ইসলাম ভুইয়া।
এদিকে সীতাকুণ্ডে আওয়ামী লীগদলীয় সাংসদ দিদারুল আলমকে আচরণবিধি ভঙ্গের জন্য মৌখিক সতর্ক করা হয়েছে বলে জানান ইউএনও। তিনি প্রথম আলোকে বলেন, এক প্রার্থী অন্য প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ তুলছেন। বিষয়টি প্রার্থীরা তাঁকে মৌখিকভাবেও জানাচ্ছেন। এ ছাড়া আচরণবিধি ভঙ্গ নিয়ে গণমাধ্যমে প্রকাশিত ছবি ও প্রতিবেদন তাঁর নজরে এসেছে। এ জন্য মেয়র, সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী বা তাঁদের মনোনীত প্রতিনিধিদের তিনি ডেকেছেন।
নাজমুল ইসলাম ভুইয়া বলেন, বৈঠকের পর যাতে কোনোভাবেই আচরণবিধি ভঙ্গের ঘটনা না ঘটে সে জন্য প্রার্থীদের সতর্ক থাকতে বলা হবে। এরপরও বিধি ভঙ্গ করলে তাঁদের লিখিতভাবে কারণ দর্শানোর নোটিশসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
রিটার্নিং কর্মকর্তা নাজমুল ইসলাম ভুইয়া বলেন, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এর মধ্যে বিধি ভঙ্গ করে টানানো ব্যানার, পোস্টার নামিয়ে ফেলা হয়েছে। বিষয়টি তদারকির জন্য সার্বক্ষণিক একজন ম্যাজিস্ট্রেটও দায়িত্ব পালন করছেন। আচরণবিধি ভঙ্গ করায় সাংসদকে মৌখিকভাবে সতর্ক করা হয়েছে। সাংসদ আর প্রচারণায় অংশ নেবেন না বলে কথা দিয়েছেন।
গত শুক্রবার প্রথম আলোয় আচরণবিধি ভঙ্গ করে দলীয় মেয়র পদপ্রার্থীর পক্ষে সাংসদ দিদারুল আলমের মিছিলে অংশ নেওয়ার ছবি ছাপা হয়।