চট্টগ্রামের সীতাকুণ্ডের ছলিমপুর ইউনিয়নের জঙ্গল ছলিমপুরের দুর্গম পাহাড়ের পাদদেশে গড়া সেই স্কুলে হবে তিনতলা একটি ভবন। বর্তমানে জরাজীর্ণ টিনের ঘরে চলছে স্কুলটির শিক্ষা কার্যক্রম।
২০১৪ সালের ২০ সেপ্টেম্বর ‘দুর্গম পাহাড়ে আলোর প্রদীপ’ শিরোনামে প্রথম আলোয় একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর চলতি বছরের ফেব্রুয়ারিতে বিদ্যালয়টি জমি বন্দোবস্ত পায়।
শিক্ষা কার্যালয় সূত্র জানায়, এসএম পাইলট প্রাথমিক বিদ্যালয় নামের স্কুলটির নতুন ভবন নির্মাণে ব্যয় ধরা হয়েছে ১০ কোটি টাকা। এ ব্যাপারে দরপত্র আহ্বানের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ নুরুচ্ছোফা। তিনি প্রথম আলোকে বলেন, স্কুল ভবনটি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র হিসেবেও ব্যবহৃত হবে। তিনি জানান, ভূমি শ্রেণি পরিবর্তন করে বিদ্যালয়টিকে ৩৩ শতক জমি বরাদ্দ দেওয়া হয়েছে। বিদ্যালয়টি জাতীয়করণেরও চেষ্টা চলছে।
উপজেলা ভূমি কার্যালয় সূত্র জানায়, ১ হাজার ১ টাকা প্রতীকী মূল্যে বিদ্যালয়টিকে ৩৩ শতক জমি বরাদ্দ দেওয়া হয়। ওই জায়গায় ভবন নির্মাণ করা হবে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুহুল আমিন প্রথম আলোকে জানান, ৫০ শতক জমি বরাদ্দ চেয়ে ভূমি মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠান জেলা প্রশাসক। এরপর মন্ত্রণালয় ৩৩ শতক জমি বরাদ্দ দেয়।
বিদ্যালয় সূত্র জানায়, দুর্গম পাহাড়টিতে বসবাস করছে ১৫ হাজার ভূমিহীন পরিবার। বস্তিবাসীর অনুদানে ২০০৫ সালে টিনের ছাউনি দেওয়া ঘরে বিদ্যালয়ের কার্যক্রম শুরু হয়। বর্তমানে বিদ্যালয়টিতে ১ হাজার ১৭৩ জন শিক্ষার্থী পড়াশোনা করছে। বিদ্যালয়ের ১৭৫ জন শিক্ষার্থী আসন্ন প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ নেবে। গত বছরের সমাপনী পরীক্ষায় বিদ্যালয়ের পরীক্ষার্থী ছিল ১৫৩ জন। তবে পরীক্ষায় অংশ নেয় ১১০ জন। তাদের সবাই পাস করেছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবর্ণা মজুমদার বলেন, ‘পরীক্ষাকেন্দ্র আমাদের বিদ্যালয়ে কিংবা চট্টগ্রামের বায়েজিদ থানার কোনো একটি বিদ্যালয়ে হলে শিক্ষার্থীরা পরীক্ষায় আরও ভালো করত।’
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোশতাক আহমেদ প্রথম আলোকে বলেন, ‘বিদ্যালয়ের শিক্ষার্থীরা সবাই ভূমিহীন পরিবারের সন্তান। দীর্ঘদিন ধরে ১০ জন শিক্ষক তাদের শিক্ষার আলো দিয়ে যাচ্ছেন। কিন্তু আমরা তাঁদের বেতনও দিতে পারি না। সামান্য সম্মানী দিয়ে তাঁরা চলছেন।’