১৮ দলীয় জোটের ডাকা রাজপথ অবরোধ কর্মসূচি চলাকালে গত ৯ ডিসেম্বর সীতাকুণ্ডে গাড়ি ভাঙচুর ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে করা দ্রুত বিচার আইনের একটি মামলায় বিএনপি ও জামায়াতের ২৬ জন নেতা-কর্মীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত।গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম জেলা আদালতের অতিরিক্ত বিচারিক হাকিম মো. নূরুল ইসলামের আদালতে আসামিরা আত্মসমর্পণ করেন। আদালত ২৬ জন আসামির সবাইকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। চট্টগ্রাম জেলা আদালতের পুলিশ পরিদর্শক অনু মং মারমা প্রথম আলোকে বলেন, ‘সীতাকুণ্ড থানায় হওয়া দ্রুত বিচার আইনের একটি মামলায় ২৬ জন আসামি উচ্চ আদালতের নির্দেশে নিম্ন আদালতে আত্মসমর্পণ করেন। আসামিরা জামিনের আবেদন করলেও আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।’ আদালত সূত্র জানায়, কারাগারে পাঠানো নেতা-কর্মীদের মধ্যে পাঁচজন জামায়াত ইসলামীর এবং ২১ জন বিএনপির নেতা-কর্মী।গত ৯ ডিসেম্বর রাজপথ অবরোধ কর্মসূচি চলাকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের বিভিন্ন এলাকায় টায়ার জ্বালায় এবং গাড়ি ভাঙচুর করে অবরোধকারীরা।