সীতাকুণ্ডের ৩২ জেলেগ্রামে ঝাড়ফুঁকে চলে প্রসূতিসেবা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রামচাঁদ জলদাশের বাড়ির উঠানে পর্দায় ঘেরা একটি চৌকিতে শুয়ে আছেন তাঁর প্রসূতি স্ত্রী তপতী দাশ। কয়েক দিন ধরে তাঁর প্রসবব্যথা বেড়েই চলছে। তাঁর চিকিৎসা চলছে। এ জন্য কোনো চিকিৎসক আনা হয়নি। মিরসরাই থেকে আনা হয়েছিল কবিরাজ মহেন্দ্র তালুকদারকে। তাঁকে সহায়তা করেছিলেন এক নারী ধাত্রী। কবিরাজ মহেন্দ্র তালুকদার রামচাঁদকে বলেছিলেন, তেমন কিছুই হয়নি, জিনের আছর লাগায় ব্যথা একটু বেশি হচ্ছে। ঠিকমতো ঝাড়ফুঁক করলে কোনো সমস্যা ছাড়াই বাচ্চা জন্ম নেবে।দুই দিন ধরে তপতীর চিকিৎসা চলছে। কবিরাজের কথায় আগরবাতি, মোম, মুরগি, ডিম ইত্যাদি বাবদ তাঁর কয়েক শ টাকা খরচ হয়। কবিরাজকে দিতে হয়েছে ৭০০ টাকা। তাঁর সঙ্গে আসা ধাত্রীকেও ৩০০ টাকা দিতে হয়েছে। শেষ পর্যন্ত রামচাঁদের স্ত্রী একটি বাচ্চা জন্ম দেন। এ ঘটনা সাত মাস আগে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জেলেগ্রাম কুমিরায় ঘটেছে। কয়েক দিন আগে রামচাঁদ দাশ প্রথম আলোকে এ ঘটনার কথা জানান। সরেজমিনে কিছু দিন আগে কুমিরা গ্রামে গিয়ে দেখা যায়, কবিরাজ ও অনভিজ্ঞ ধাত্রীর অদক্ষতার কারণে তপতী যে বাচ্চা জন্ম দিয়েছেন তার বাচ্চার মাথা ও হাত এখনো বাঁকা। শারীরিকভাবে সে দুর্বল। কুমিরাসহ সীতাকুণ্ডের ৩২টি জেলেগ্রামে এ ভাবে ঝুঁকিপূর্ণ অবস্থায় প্রসূতি মায়েরা বাচ্চা জন্ম দিচ্ছেন। এতে উন্নত চিকিৎসার অভাবে কখনো কখনো মা অথবা নবজাতক মারা যাচ্ছে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, জেলেগ্রামগুলোর লোকজন সচেতন ও শিক্ষিত না হওয়ায় এ ধরনের ঘটনা প্রায়ই ঘটছে। এদের অনেকের মধ্যেই এখনো কুসংস্কার রয়ে গেছে। এ ছাড়া এসব গ্রামে মা ও শিশু স্বাস্থ্যসেবার বিষয়ে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে কোনো প্রচার কার্যক্রম চালানো হয় না এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও প্রসূতিসেবার কোনো ব্যবস্থা নেই। তাই এসব গ্রামে প্রসূতি মায়েদের চিকিৎসা কবিরাজদের ঝাড়ফুঁকনির্ভর হয়ে পড়েছে। আকিলপুর গ্রামের সুমন রায় বলেন, ‘এক মাস আগে আমি আমার এক প্রসূতি আত্মীয়কে নিয়ে সীতাকুণ্ড স্বাস্থ্যকেন্দ্রে গিয়েছিলাম। সেখানে প্রসূতি বিভাগ নেই। পরে বাধ্য হয়ে ওই প্রসূতিকে নিয়ে আমরা প্রায় ৪০ কিলোমিটার দূরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছি। ততক্ষণে রোগীর অবস্থা শোচনীয় হয়ে পড়েছে। মাকে বাঁচানো গেলেও বাচ্চাকে বাঁচাতে পারেনি।’পূর্ব সৈয়দপুরের বাসিন্দা জানে আলম বলেন, ‘বাড়ির মেয়েলোকেরে পর-মানুষে দেখব, এটা কেমন কথা। তার থেইক্যা বাড়ির ভেতরে বাইচ্চা জন্ম নেওনের সময় ধাত্রীরে খবর দিলেই হয়।’ উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা মো. আবু তাহের জানান, প্রসূতিদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করার জন্য দুইজন স্ত্রীরোগ বিশেষজ্ঞ রাখা হয়েছে। কিন্তু গ্রামের লোকজন প্রসূতিদের নিয়ে হাসপাতালে আসতে চান না।