সীতাকুণ্ডের ৯টিসহ ২৮ ইউপির ভোট বাতিলের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ডের নয়টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সরকারদলীয় প্রার্থীদের বিরুদ্ধে ভোট কারচুপি ও কেন্দ্র দখলের অভিযোগ এনেছে বিএনপি। নতুন করে তফসিল ঘোষণা করে এসব ইউনিয়নে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছেন চট্টগ্রাম উত্তর কমিটির আহ্বায়ক আসলাম চৌধুরী। গতকাল বৃহস্পতিবার দুপুরে ভাটিয়ারী ইউনিয়নের জলিল গেট এলাকার নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করেন তিনি। এ সময় কেন্দ্র দখল, জাল ভোট এবং ভোট কারচুপির অভিযোগে সীতাকুণ্ড, মিরসরাই ও সন্দ্বীপের ৩০টি ইউনিয়নের মধ্যে ২৮টি ইউনিয়নে নির্বাচন বাতিলের দাবি জানান বিএনপির এই নেতা।
আসলাম চৌধুরী অভিযোগ করেন, উপজেলা চেয়ারম্যান ও প্রশাসনের ছত্রচ্ছায়ায় সন্ত্রাসীরা ভোটের আগের রাতে সব ইউনিয়নে অস্ত্র নিয়ে মহড়া দিয়েছে। প্রশাসনকে জানালে তারা নির্বাচন কমিশনকে জানাতে বলে, আর নির্বাচন কমিশন বলে প্রশাসনকে জানাতে। তাঁর অভিযোগ, সৈয়দপুর ইউনিয়ন ও বারৈয়ারঢালা ইউনিয়নের বিভিন্ন কেন্দ্রে ভোটের আগের রাতেই সিল মারা হয়েছে। অনেক কেন্দ্রে গতকাল সকালে এজেন্টদের প্রবেশ করতে দেওয়া হয়নি।
তবে উপজেলা চেয়ারম্যান এস এম আল মামুন দাবি করেন, আসলাম চৌধুরীর অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। ২০১৩ সালের নির্বাচনী সহিংসতা মানুষ ভুলতে পারেনি। তাই জনগণ বিএনপিকে প্রত্যাখ্যান করেছে। পরাজয় নিশ্চিত জেনে তাঁরা বিভিন্ন অভিযোগ আনছেন।
এদিকে গতকাল সকাল সাড়ে আটটার দিকে সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের ঘোড়মরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেওয়াকে কেন্দ্র করে দুই ইউপি সদস্য প্রার্থীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। কেন্দ্রটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে হওয়ায় গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় এক ঘণ্টা এ অবস্থা ছিল।
মহাসড়ক অবরোধের বিষয়ে সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমূল ইসলাম ভুইয়া বলেন, আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মহাসড়কে আধা ঘণ্টার মতো অবরোধ ছিল।