সীতালাউয়ের সম্ভাবনা
বান্দরবানে কৃষকেরা বারোমাসি সীতালাউ ব্যাপক হারে চাষ করতে শুরু করেছেন। সীতালাউ কচি অবস্থায় সবজি এবং পাকলে রসাল ফল হিসেবে খাওয়া হচ্ছে। অত্যন্ত সুস্বাদু সীতালাউ বাণিজ্যিক উৎপাদনে ব্যাপক সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন কৃষিবিদেরা।এলাকাবাসী জানায়, বান্দরবান ছাড়াও সিলেট, রাঙামাটি ও খাগড়াছড়িতে দীর্ঘদিন ধরে আদিবাসীরা নিজেদের খাওয়ার জন্য পাহাড়ে সীতালাউ স্বল্প পরিসরে চাষ করত। কিন্তু বাণিজ্যিক উৎপাদন না থাকায় ফলটির তেমন পরিচিতি ছিল না।রাঙামাটির পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্র গবেষণা করে বারি সীতালাউ-১ নামে ২০১০ সালে এটি কৃষকদের মধ্যে ছড়িয়ে দেয়। এর পর থেকে চাষিদের মধ্যে এটি চাষে উৎসাহ বেড়ে যায়। বর্তমানে চিম্বুক পাহাড়ে ম্রোলংপাড়া, নোয়াপাড়া, বসন্তপাড়া, রেইশা, সুয়ালকসহ বিভিন্ন জায়গায় কৃষকেরা সীতালাউ চাষ করছেন।ম্রোলংপাড়ার মেনু ম্রো, ইয়ংরিং ম্রো বলেছেন, দেখতে তেলতেলে সুন্দর সীতালাউ নাপ্পি (তরকারিতে মিশিয়ে আদিবাসীদের একধরনের খাবার) ও তেল দিয়ে রান্না, ভর্তা, হ্লাকসু (আদিবাসীদের একধরনের সালাদ) ও ভাজি করে খাওয়া যায়। পাকা সীতালাউ অত্যন্ত রসাল ও মিষ্টি। শরবত তৈরি করলে এটি খেতে খুব স্বাদ লাগে।পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্র সূত্রে জানা যায়, সীতালাউ একটি দীর্ঘজীবী লতানো উদ্ভিদ। মূল কাণ্ড লম্বালম্বি চার শিরাবিশিষ্ট, পাতা উপবৃত্তাকার। কলম রোপণের দুই মাসের মধ্যে বেগুনি ও সাদা রঙের ফুল আসে। একটি পরিপক্ব সীতালাউ ৬০০ থেকে ৮০০ গ্রাম হয়ে থাকে। একটি সীতালাউগাছের জীবনকাল ১২-১৫ বছর। এপ্রিল-জুন মাসে সহজে পানি নিষ্কাশন হয় এমন জায়গায় চারা অথবা বীজ রোপণ করতে হয়।পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা হারুনুর রশিদ বলেন, সীতালাউ প্যাশন ফলের সমগোত্রীয় ‘প্যাসিফ্লোরাসি’ পরিবারের। ইংরেজি নাম জায়ান্ট গ্রান্ডিলা এবং বৈজ্ঞানিক নাম প্যাসিফ্লোরা গার্ডরাঙ্গুলারিস। এটিকে খাগড়াছড়িতে লতাবেগুন এবং চাকমা ভাষায় ‘মিধে ফল’ বলা হয়। এই ফল প্রথম দক্ষিণ আমেরিকায় পাওয়া গেছে জানা গেলেও এখন নিরক্ষীয় অঞ্চলে প্রায় সব জায়গায় দেখা যায়। বর্তমানে এটি বাংলাদেশ, ভারত, থাইল্যান্ডসহ বিভিন্ন দেশের মাটিজাত (ইনডিজিনাস) ফলে পরিণত হয়েছে।বান্দরবানের বালাঘাটা হর্টিকালচার কেন্দ্রের প্রধান উদ্যানতত্ত্ববিদ রফিকুল আলম বলেন, পার্বত্য অঞ্চলে সীতালাউয়ের ব্যাপক সম্ভাবনা রয়েছে। এ জন্য কৃষকদের চারা সহজলভ্য করার উদ্যোগ নেওয়া হয়েছে। এই ফল সারা বছর সবজি ও ফলের চাহিদা পূরণের পাশাপাশি পুষ্টির চাহিদাও মেটাতে পারবে।