সীমাখালীতে কাল চালু হচ্ছে জোড়া সেতু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদের আগেই চালু হচ্ছে মাগুরার শালিখা উপজেলার সীমাখালীতে চিত্রা নদীর ওপর নির্মাণাধীন জোড়া স্টিলের সেতু। আগামীকাল বৃহস্পতিবার সেতুটি যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে।

প্রায় চার মাস আগে এখানে অতিরিক্ত মালবোঝাই ট্রাক নিয়ে বেইলি সেতুটি ভেঙে পড়ে। এতে ঢাকা-খুলনা মহাসড়কের মাগুরা-যশোর পথে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে চরম দুর্ভোগে পড়ে এ পথের চালক ও যাত্রীরা। তাদের মাগুরা-ঝিনাইদহ সড়ক পথে প্রায় ২৫ কিলোমিটার ঘুরে যেতে হচ্ছিল।

সড়ক ও জনপথ (সওজ) বিভাগের মাগুরা কার্যালয় সূত্রে জানা যায়, গত ১৩ ফেব্রুয়ারি সীমাখালীতে বেইলি সেতুটি ভেঙে পড়ে। পরে এর পাশে জোড়া স্টিলের সেতু নির্মাণের উদ্যোগ নেয় সওজ। দরপত্র প্রক্রিয়া শেষ করে গত ২৪ মার্চ থেকে নির্মাণকাজ শুরু হয়। মাগুরার এইচআর, নড়াইলের ইডেন ও খুলনার এলি নামের তিনটি ঠিকাদারি প্রতিষ্ঠান যৌথভাবে কাজটি পায়। প্রাথমিকভাবে কাজের নির্মাণ ব্যয় ধরা হয় প্রায় সাড়ে তিন কোটি টাকা। ৪৫ দিনের মধ্যে নির্মাণকাজ শেষ করার কথা ছিল। কিন্তু তা করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো।

গত সোমবার দুপুরে সরেজমিনে দেখা যায়, প্রায় ২০০ শ্রমিক কাজ করছেন। ঈদের আগে কাজ শেষ করতে অতিরিক্ত শ্রমিক নিয়োগ দিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান। কাজ দেখতে উৎসুক মানুষ ভিড় করছে।

ঠিকাদারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপক মো. তরিকুল ইসলাম বলেন, ঈদের আগে এ সড়ক পথে যান চলাচল স্বাভাবিক করতে তাঁরা রাত-দিন কাজ করছেন। বৃহস্পতিবার কাজ শেষ হয়ে যাবে। তবে সংযোগ সড়ক উন্নয়নসহ আনুষঙ্গিক কিছু কাজ শেষ করতে আরও কিছুদিন সময় লাগতে পারে। তবে সেতু দিয়ে যান চলাচলে বিঘ্ন ঘটবে না।

ঠিকাদার রানা আমির ওসমান বলেন, ‘জন দুর্ভোগের কথা মাথায় রেখে আমরা সেতুর নির্মাণ শেষ করতে সর্বোচ্চ শক্তি নিয়োগ করেছি। কার্যাদেশ পাওয়ার আগেই নির্মাণকাজ শুরু করেছিলাম। তারপরও কাজ শেষ হতে কিছুটা সময় বেশি লাগল। ঈদের আগে কাজ শেষ করার প্রতিশ্রুতি ছিল। কাজ প্রায় শেষ। ঈদে এ পথে যাত্রীরা সানন্দে চলাচল করবে।’

মাগুরা সওজের নির্বাহী প্রকৌশলী নুরুন্নবী তরফদার বলেন, অনেকে সেতুটি ‘বেইলি সেতু’ বলছেন। মূলত এটি জোড়া স্টিলের সেতু। একটি দিয়ে যানবাহন যাবে, অন্যটি দিয়ে আসবে। ঈদে ঘরমুখো মানুষের দুর্ভোগের কথা ভেবে আমরা ঈদের আগেই কাজ শেষ করতে চেয়েছি, সফলও হয়েছি। বৃহস্পতিবার সেতুটি যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।

তিনি আরও বলেন, জোড়া স্টিলের সেতুটি আপত্কালীন হিসেবে নির্মাণ করা হলো। এ সেতুর পাশে দ্রুততম সময়ের মধ্যে কংক্রিটের সেতু নির্মাণ করা হবে। ইতিমধ্যে মাটি পরীক্ষাসহ জরিপের কিছু কাজ শেষ হয়েছে। এ বিষয়ে একটি প্রস্তাব ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।