সীমাখালীতে সেতু দিয়ে যান চলাচল শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরার শালিখা উপজেলার সীমাখালীতে চিত্রা নদীর ওপর নির্মিত জোড়া স্টিল সেতুর একটি গতকাল বৃহস্পতিবার যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। ওই সেতু দিয়ে যান চলাচল শুরু হয়েছে। জোড়া সেতুর অপরটি তিন-চার দিনের মধ্যে খুলে দেওয়া হবে বলে জানিয়েছে সড়ক ও জনপথ বিভাগ (সওজ)।

গত ১৩ ফেব্রুয়ারি সেতুটি অতিরিক্ত মালবোঝাই ট্রাক নিয়ে ধসে পড়ে। এতে ঢাকা-খুলনা জাতীয় মহাসড়কের মাগুরা-যশোর অংশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সড়ক পথে চলাচলকারীদের মাগুরা-ঝিনাইদহ সড়ক পথে প্রায় ২৫ কিলোমিটার ঘুরে যেতে হচ্ছিল।

সওজের মাগুরা কার্যালয় সূত্র জানায়, দরপত্র প্রক্রিয়া শেষ করে গত ২৪ মার্চ থেকে জোড়া সেতুর নির্মাণকাজ শুরু হয়। মাগুরার এইচআর, নড়াইলের ইডেন ও খুলনার এলি নামে তিনটি ঠিকাদারি প্রতিষ্ঠান যৌথভাবে কাজটি পায়। নির্মাণ ব্যয় ধরা হয়েছে প্রায় সাড়ে তিন কোটি টাকা। ৪৫ দিনের মধ্যে নির্মাণকাজ শেষ করার কথা ছিল। তবে সময় আরও বেশি লেগেছে।

গতকাল বেলা তিনটার দিকে সওজ জোড়া স্টিলের সেতুটির একটি যানবাহন চলাচলের জন্য খুলে দেয়। এ সময় সওজের খুলনা জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী রুহুল আমীন, যশোরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সুরুজ মিয়া, মাগুরার নির্বাহী প্রকৌশলী নুরুন্নবী তরফদার প্রমুখ উপস্থিত ছিলেন।

মাগুরা সওজের নির্বাহী প্রকৌশলী নুরুন্নবী তরফদার বলেন, জোড়া সেতুর একটি আজ (গতকাল) উন্মুক্ত করা হলো। অন্যটি খুলে দিতে আরও তিন-চার দিন সময় লাগবে। কারণ, সেতুর সঙ্গে সংযোগ সড়কের ঢালাই এখনো কাঁচা রয়েছে। সড়ক উন্নয়ন ও ঘষামাজা চলছে। জোড়া স্টিলের সেতুটি আপৎকালীন হিসেবে নির্মাণ করা হয়েছে। এর পাশে দ্রুত সময়ের মধ্যে কংক্রিটের সেতু নির্মাণ করা হবে।