রাজধানী ঢাকার চারপাশের বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, তুরাগ ও বালু—এই চার নদ-নদীর মধ্যে তুরাগ ও বালু নদের সীমানা খুঁটি স্থাপনের কার্যক্রম শুরুর নির্দেশনা চেয়ে গতকাল বৃহস্পতিবার হাইকোর্টে আবেদন দাখিল করা হয়েছে। আবেদনে সাত দিনের মধ্যে নদ দুটির প্রকৃত সীমানায় খুঁটি স্থাপনের কার্যক্রম আবার শুরুর আরজি জানানো হয়।
এই চার নদ-নদী রক্ষায় পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে ২০০৯ সালের ২৫ জুন হাইকোর্ট এই চার নদ-নদীর সীমানা নির্ধারণসহ সীমানায় থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদে কয়েক দফা নির্দেশনা দিয়ে রায় দেন। রায়ে ওই বছরের ৩০ নভেম্বরের মধ্যে সিএস রেকর্ড অনুযায়ী চার নদ-নদীর সীমানা নির্ধারণ, নদীর সীমানা নির্ধারণী পাকা খুঁটি (পিলার) স্থাপন, নদীর তীরে হাঁটার পথ নির্মাণ এবং বনায়ন করতে বলা হয়।
এইচআরপিবির পক্ষে গতকাল সম্পূরক আবেদনটি আদালতে দাখিল করেন আইনজীবী মনজিল মোরসেদ। পরে তিনি প্রথম আলোকে বলেন, আদালতের আদেশ অনুসারে চার নদ-নদীর সীমানা নির্ধারণ করা হয়। বুড়িগঙ্গায় সীমানা পিলারের কাজ হয়েছে, শীতলক্ষ্যায় কাজ চলছে। তবে কার্যক্রম শুরু হলেও বালু ও তুরাগ নদে প্রকৃত সীমানায় পিলার স্থাপন না করায় জনদাবির পরিপ্রেক্ষিতে প্রশাসনের পক্ষ থেকে খুঁটি স্থাপনকাজ বন্ধ রাখা হয়। কিন্তু দুই বছরের বেশি সময় পেরিয়ে গেলেও খুঁটি স্থাপনের কাজ আবার শুরু হয়নি। এ কারণে আবেদনটি করা হয়। যদি সীমানা খুঁটি স্থাপন না করা হয়, তাহলে নদীর জায়গা দখলদারদের হাতে চলে যাবে।
গতকালের আবেদনে সীমানাখুঁটি স্থাপনের কার্যক্রম আবার শুরু করতে ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুরের জেলা প্রশাসক, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও ভূমি জরিপ অধিদপ্তরের মহাপরিচালকসহ বিবাদীদের প্রতি নির্দেশনা দিতে আরজি জানানো হয়েছে।