সীমানা ঘেঁষে গর্ত, ধসের মুখে বাড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নান্দাইলের ভূঁইয়াপাড়া মহল্লায় প্রতিবেশীর খনন করা গর্তের কারণে একজনের বসতঘর ভাঙনের মুখে পড়েছে l প্রথম আলো
নান্দাইলের ভূঁইয়াপাড়া মহল্লায় প্রতিবেশীর খনন করা গর্তের কারণে একজনের বসতঘর ভাঙনের মুখে পড়েছে l প্রথম আলো

আইন লঙ্ঘন করে বাড়ির সীমানা ঘেঁষে প্রতিবেশী গর্ত কেটেছে গভীর করে। সেখানে বসতবাড়ি ধসে পড়ার আশঙ্কায় দিন কাটছে এক নারীর। কর্তৃপক্ষের কাছে আবেদন করেও এর প্রতিকার পাননি তিনি।
ওই নারীর নাম মোছা. মিনারা খাতুন (৫০)। তিনি ময়মনসিংহের নান্দাইল পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের ভূঁইয়াপাড়া মহল্লার তাহের উদ্দিনের স্ত্রী। তাহের ঢাকায় থেকে দিনমজুরের কাজ করেন। তাঁর বাড়ির সীমানা ঘেঁষে গর্ত কেটেছেন মো. হাবিবুর রহমান। তিনি পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার।
মিনারা খাতুন বলেন, বছর বিশেক আগে তিনি ভাইদের কাছ থেকে ১৮ শতক জমি কেনেন। পরে সেখানে বসতবাড়ি তুলে বাস করতে থাকেন। এর পাশে ১৭ শতক জমি কেনেন হাবিবুর রহমান। হাবিবুর প্রায় আট-দশ বছর আগে তাঁকে বসতবাড়ির জমি ছেড়ে দিয়ে অন্য স্থানে সমপরিমাণ জমি দেওয়ার প্রস্তাব দেন। এতে তিনি রাজি হননি। পরে হাবিবুর তাঁর বসতবাড়ির জমির সীমানা ঘেঁষে গর্ত খোঁড়েন।
মিনারা জানান, তিনি বাধা দিয়েও গর্ত খোঁড়া বন্ধ করাতে পারেননি। পরে তিনি পৌর আইন অনুযায়ী মেয়রের কাছে লিখিত অভিযোগ করেন। কিন্তু কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি।
পৌরসভার প্রকৌশলী শাহনূর আলম বলেন, পৌর আইন অনুযায়ী পুকুর বা গর্ত যত ফুট গভীর হবে বসতবাড়ির সীমানা থেকে তত ফুট দূরে কাটতে হবে।
মহল্লার আটজন বাসিন্দা বলেন, মিনারার বাড়ির সীমানা ঘেঁষে কাটা গর্তটি প্রায় ২০ ফুট গভীর হবে। অবস্থা এমন দাঁড়িয়েছে, প্রভাবশালী কারও পাশে দুর্বল প্রতিবেশীর বাস করা দায় হয়ে পড়েছে।
গতকাল মঙ্গলবার সরেজমিনে দেখা যায়, মিনারার বাড়ির সীমানা ঘেঁষে প্রায় আট শতক জমিতে গর্ত। তাঁর বসতভিটায় ধস নেমেছে। ধসে গোয়াল ঘরের একটি অংশ ভেঙে গর্তে পড়েছে। রান্নাঘর ও বসতবাড়ি ভাঙনের হুমকির মুখে পড়েছে।
মিনারার ছোট ছেলে মো. শাহীন মিয়া (১২) বলে, রাতের বেলা বৃষ্টি নামলে বসতঘর ধসে পড়ার আতঙ্কে তাদের ঘুম হয় না।
জানতে চাইলে পৌরসভার মেয়র মো. রফিক উদ্দিন ভূঁইয়া অভিযোগের নথি ঘেঁটে গতকাল জানান, মিনারা খাতুন গত ২৯ জানুয়ারি অভিযোগ জমা দিয়েছেন। বিষয়টি তাঁর জানা না থাকায় পদক্ষেপ নিতে পারেননি। এখন তিনি বিষয়টি দেখবেন।
হাবিবুর রহমান মুঠোফোনে বলেন, জমির মালিকানা নিয়ে মিনারার সঙ্গে আদালতে তাঁর মামলা চলছে। আদালত তাঁর পক্ষে রায় দিয়েছেন। তিনি এখন আদালতে উচ্ছেদ মামলা করবেন।
তবে মিনারা বলেন, এক শতক জমির মালিকানা নিয়ে আদালতে মামলা চলছে। আদালত এখন পর্যন্ত রায় দেননি।