সীমানা জটিলতা, বাস্তবায়নে অনিশ্চয়তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী ইউনিয়নে একটি আশ্রয়ণ প্রকল্প নির্মাণের অনুমোদন দেওয়া হলেও সীমানা বিরোধের কারণে বাস্তবায়ন অনিশ্চিত হয়ে পড়েছে।জানা গেছে, বালিজুড়ী ইউনিয়নের সুখনগর মৌজার ছয় একর খাসজমিতে আশ্রয়ণ প্রকল্প নির্মাণের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় গত ২২ জানুয়ারি প্রকল্পটির অনুমোদন দেওয়া হয়। সে অনুযায়ী গত ২৬ জানুয়ারি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা গোলাম মাওলা রেজা প্রকল্প কমিটির সভাপতি, ইউপি সদস্য মো. তারা মিয়াসহ স্থানীয় ব্যক্তিদের উপস্থিতিতে প্রকল্পের কাজ উদ্বোধন করেন।উদ্বোধনের পর সীমানা নিয়ে জটিলতা থাকায় বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কতিপয় ব্যক্তি (যাঁরা ওই খাসজমিতে চাষ করে জীবিকা নির্বাহ করতেন) সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জিল্লুুর রহমানের বরাবর আশ্রয়ণ প্রকল্প নির্মাণ না করার জন্য একটি আবেদন করেন। আর ওই আবেদনের পরিপ্রেক্ষিতে মোহাম্মদ জিল্লুুর রহমান গত ৩০ জানুয়ারি প্রকল্পের কাজ স্থগিত করার জন্য প্রকল্প পরিচালক, আশ্রয়ণ প্রকল্প (ফেইজ-২) বরাবর একটি চিঠি পাঠান।ওই চিঠি পাওয়ার পর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে গত ৩১ জানুয়ারি প্রকল্প পরিচালক (অব. যুগ্ম সচিব) আব্দুল আওয়াল চৌধুরী স্বাক্ষরিত চিঠিতে বগুড়া ও জামালপুর জেলা প্রশাসকের কাছে ওই আশ্রয়ণ প্রকল্পের কাজ আপাতত স্থগিত রেখে এ বিষয়ে সরেজমিন তদন্ত করে প্রতিবেদন পাঠানোর জন্য আদেশ দেন। এরপর গত ২ ফেব্রুয়ারি মাদারগঞ্জ উপজেলা চেয়ারম্যান ওবায়দুর রহমান, মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম জাহাঙ্গীর আলম, সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জিল্লুর রহমান, সারিয়াকান্দি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাকির হোসেনসহ দুই উপজেলার বিভিন্ন কর্মকর্তা এলাকা পরিদর্শনে যান।সারিয়াকান্দি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাকির হোসেন বলেন, ‘গত ২ ফেব্রুয়ারি উভয় উপজেলার (মাদারগঞ্জ-সারিয়াকান্দি) নির্বাহী কর্মকর্তাসহ আমরা ওই প্রকল্প এলাকা পরিদর্শন এবং আরএস রেকর্ড অনুযায়ী জমির কাগজপত্র ও নকশা দেখে প্রকল্প এলাকাটি মাদারগঞ্জ সীমানায় পড়ায় সবার সম্মতিক্রমে প্রকল্পের কাজ চালিয়ে যাওয়ার কথা বলেছি।’বগুড়ার সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জিল্লুর রহমান বলেন, ‘গত ২ ফেব্রুয়ারি ঘটনাস্থল পরিদর্শন করে ওই আশ্রয়ণ প্রকল্পের কাজ চালিয়ে যাওয়ার জন্য সম্মতি দিয়েছি।’ মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম জাহাঙ্গীর আলম বলেন, প্রকল্প পরিচালক ঢাকা থেকে জামালপুর ও বগুড়া জেলা প্রশাসকের বরাবর লিখিত চিঠি দিয়ে জানিয়েছেন প্রকল্পের স্থান পরিদর্শন করে তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য। তিনি বলেন, তদন্ত প্রতিবেদন না দেওয়া পর্যন্ত প্রকল্পের কাজটি আপাতত বন্ধ রাখার জন্য অনুরোধ করা হয়েছে।জেলা প্রশাসক মো. সিরাজ উদ্দিন আহম্মেদ প্রকল্প পরিচালকের চিঠি পাওয়ার কথা স্বীকার করে বলেন, ‘ওই চিঠির আলোকে জেলা বাস্তবায়ন কর্মকর্তাকে জরুরি ভিত্তিতে তদন্ত করে আমার কাছে প্রতিবেদন দাখিল করার জন্য বলেছি।’