বগুড়ার সোনাতলা পৌরসভা ঘোষণার ১২ বছরেও নির্বাচন হয়নি। প্রশাসক দিয়ে চলছে কার্যক্রম। এতে উন্নয়ন কর্মকাণ্ড বিঘ্নিত হচ্ছে। পৌরসভার সীমানা নিয়ে জটিলতা সৃষ্টি হওয়ায় নির্বাচন প্রক্রিয়া ঝুলে যায়।
সংশ্লিষ্টরা অভিযোগ করেন, ইউনিয়নের অংশবিশেষ পৌরসভায় অন্তর্ভুক্তিতে আপত্তি তুলে আদালতে মামলা করা হয় দুই বছর আগে। সেই ইউনিয়নের নির্বাচন হলেও আটকে আছে পৌরসভার নির্বাচন।
পৌরবাসীর অনেকে অভিযোগ করেন, আইনগত বাধা না থাকলেও শুধু সরকারের সদিচ্ছার অভাবে নির্বাচন হচ্ছে না। পৌরসভা থেকে জানা গেছে, ২০০১ সালের ২৬ এপ্রিল সোনাতলা পৌরসভার ঘোষণা দেওয়া হয়। সোনাতলা সদর এবং বালুয়া ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম নিয়ে পৌরসভার সীমানা নির্ধারণ করা হয়। পৌরসভা ঘোষণার পর তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রশাসক নিয়োগ দেওয়া হয়।
পরে ২৯ নভেম্বর সোনাতলা উপজেলা বিএনপির সভাপতি (বর্তমানে উপজেলা পরিষদের চেয়ারম্যান) এ কে এম আহসানুল তৈয়ব ওরফে জাকিরকে প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়। ২০০৬ সালে প্রায় কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় পৌরভবন। এরপর থেকে এক যুগ ধরে প্রশাসক দিয়ে চলছে পৌরসভা।
পৌর কার্যালয় থেকে জানা যায়, ২০০৪ সালে সোনাতলার বালুয়া ইউনিয়নের কানুপুর গ্রামের এক ব্যক্তি ওই ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম পৌরসভার সীমানায় অন্তর্ভুক্তির বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন। মামলা দায়ের হওয়ায় কানুপুর গ্রাম বাদে অন্য গ্রামগুলো পৌর সীমানার বাইরে রেখে সীমানা চূড়ান্ত করা হয়। কিন্তু কানুপুর গ্রাম পৌর সীমানায় থেকে যাওয়ায় আদালতে আরেকটি মামলা হয়। আদালতে পরের মামলাটি দায়ের হওয়ার কারণে ঝুলে যায় এ পৌরসভার নির্বাচন। পরে সীমানা জটিলতা-সংক্রান্ত মামলার কার্যক্রম উচ্চ আদালত স্থগিত করায় ২০১১ সালের ৩১ অক্টোবর বালুয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন হয়।
নাম প্রকাশ না করার শর্তে পৌরসভার এক কর্মকর্তা বলেন, যে ইউনিয়নের সীমানাসংক্রান্ত জটিলতার আপত্তি তুলে আদালতে মামলা হয়েছিল, সেই বালুয়া ইউপির নির্বাচন হয়েছে দেড় বছর আগে। ওই নির্বাচনের পর পৌরসভার নির্বাচনে কার্যত আর কোনো আইনগত বাধা নেই। তার পরও অজ্ঞাত কারণে নির্বাচন হচ্ছে না।
ইউএনও এবং পৌর প্রশাসক উত্তম কুমার মণ্ডল বলেন, নির্বাচিত মেয়র না থাকায় পৌরসভার উন্নয়ন কার্যক্রমে স্থবিরতা নেমে আসাটা অস্বাভাবিক নয়।