চট্টগ্রামের বাঁশখালী ও কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার মাঝামাঝি বঙ্গোপসাগরের জাহাজখাঁড়ি এলাকায় ২৮ জেলের হত্যাকারীদের মোটামুটি চিহ্নিত করতে পেরেছে চট্টগ্রাম জেলা পুলিশ। তবে সীমানা নিয়ে জটিলতার কারণে হত্যাকারী জলদস্যুদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া যাচ্ছে না বলে জানা গেছে। ১ এপ্রিল বঙ্গোপসাগরের জাহাজখাঁড়ি এলাকায় হাত-পা বাঁধা তিন জেলের লাশ উদ্ধার করে বাঁশখালীর একটি ট্রলারের মালিকের ছেলে। এরপর পর্যায়ক্রমে আরও ২৫ জেলের লাশ উদ্ধার করা হয়। গত ২৪ ও ২৫ মার্চ মাছ ধরার উদ্দেশ্যে জেলেরা একাধিক ট্রলার নিয়ে বঙ্গোপসাগরে পাড়ি দেন। ২৭ মার্চ আল্লাহর দান-২ নিয়ে তিন জেলে ফিরে আসেন। বাকিরা জলদস্যুদের কবলে পড়ে ২৫ মার্চ নিহত হন। এ ঘটনায় ২৭ মার্চ বাঁশখালী থানায় দুটি সাধারণ ডায়েরি (জিডি) করেন রহিম ও জাফর মাঝি নামের দুই ব্যক্তি। পুলিশ সূত্র জানায়, এ নৃশংস ঘটনায় আহমদ শেখ নামের এক জলদস্যু গ্রেপ্তার হয়েছেন। আর এয়াছিন সিকদার নামের আরেক জলদস্যুর লাশ পুলিশ ১৬ এপ্রিল সকালে বঙ্গোপসাগরের উপকূলবর্তী এলাকা উদ্ধার করেছে। চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) মোহাম্মদ ইলতুৎ মিশ প্রথম আলোকে বলেন, বঙ্গোপসাগরের জাহাজখাঁড়ি এলাকায় নৃশংসতার শিকার হয়েছে ২৮ জেলে ও মাঝিমাল্লা। নিহত জেলে ও মাঝিমাল্লাদের বাড়ি বাঁশখালী এলাকায়। আর জলদস্যুদের বাড়ি বাঁশখালী, মহেশখালী ও নোয়াখালী এলাকায়। জলদস্যুদের মধ্যে একজন গ্রেপ্তার হয়েছে। সীমানা নিয়ে জটিলতার কথা উল্লেখ করে ইলতুৎ মিশ বলেন, ‘২৮ জেলে ও মাঝিমাল্লা খুনের ঘটনায় জড়িত ব্যক্তিদের অনেককেই আমরা শনাক্ত করতে পেরেছি। কিন্তু ঘটনাস্থল কুতুবদিয়ার উপকূলের অদূরে বঙ্গোপসাগর হওয়ায় তদন্তে একটু সমস্যা হচ্ছে।’সূত্র জানায়, গ্রেপ্তার হওয়া জলদস্যু আহমদ শেখ ২৫ মার্চের নৃশংস ঘটনার আংশিক বর্ণনা দিয়েছেন পুলিশের কাছে। তাঁর দেওয়া তথ্য থেকে বেরিয়ে আসে বাকি জলদস্যুদের পরিচয়। তবে আহমদ শেখ সব দস্যুর নাম প্রকাশ করেননি। গত ২৭ মার্চ জলদস্যুদের কবল থেকে বেঁচে আসা তিন মাঝি হলেন কামাল, কাশেম ও নুর হোসেন। কামাল বেঁচে আসেন প্রতিবেশী এক জলদস্যুর সহানুভূতির কারণে। আর কাশেম ছাড়া পান বাঁশখালীর আরেক ডাকাতের ভাই হওয়ার কারণে। নুর হোসেন ছাড়া পাওয়ার কারণ এখনো জানা যায়নি।