সীমানা নির্ধারণ করে প্রতিবেদন দাখিলের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ের প্রত্নতাত্ত্বিক ও ঐতিহাসিক ‘ভিতরগড় দুর্গ’ এলাকায় মাটি খনন ও নির্মাণকাজের ওপর স্থিতাবস্থা বজায় এবং একই সঙ্গে ওই এলাকার সীমানা নির্ধারণের জন্য কমিটি গঠন করে তিন মাসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। গতকাল বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি ফরিদ আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ-সংক্রান্ত রিট আবেদনের শুনানির পর এ আদেশ দেন। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, প্রত্নতাত্ত্বিক বিভাগের মহাপরিচালক (ডিজি); ঢাকা, রাজশাহী ও জাহাঙ্গীরনগর প্রত্যেক বিশ্ববিদ্যালয় থেকে প্রত্নতাত্ত্বিক বা ইতিহাস বিভাগের একজন অধ্যাপক, পঞ্চগড়ের জেলা প্রশাসক, পুলিশ সুপার ও বরেন্দ্র জাদুঘরের কাস্টোডিয়ান সমন্বয়ে ওই কমিটি গঠন করতে বলা হয়েছে। পঞ্চগড়ের সদর থানায় অবস্থিত ভিতরগড় দুর্গ। এটা সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণে নির্দেশনা চেয়ে মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন বাংলাদেশ হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে চারজন আইনজীবী গত বছরের জুনে রিট করেন। প্রাথমিক শুনানি নিয়ে ১৪ জুন হাইকোর্ট রুল জারির পাশাপাশি অন্তর্বর্তীকালীন নির্দেশনা দেন।