ভোলার লালমোহন পৌরসভার শতবর্ষী লালমোহন মডেল মাধ্যমিক বিদ্যালয়ের জমির সীমানা নির্ধারণ, জমি উদ্ধার ও অর্থ আয়-ব্যয়ের বিষয়ে তদন্ত শুরু হয়েছে। তবে অভিযোগ উঠেছে, জমি উদ্ধার নয়, বরং বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির লুটপাটকে বৈধতা দেওয়ারই পাঁয়তারা চলছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি শামছুল আরিফ বলেন, ‘ভূমি কার্যালয়ে লালমোহন পৌরসভায় বিদ্যালয়ের জমির সীমানা নির্ধারণের প্রক্রিয়ায় হাত দিয়েছি। গতকাল বুধবার জমি পরিমাপ শুরু করা হয়েছে। আশা করি, চলতি মাসের মধ্যে এ কাজ শেষ হবে।’
গত ১৪ আগস্ট ‘লালমোহন মডেল মাধ্যমিক বিদ্যালয়ের জমি বেহাত হচ্ছেই, চলছে পুকুর দখল’ শিরোনামে প্রথম আলোয় সংবাদ প্রকাশিত হয়। পরদিন ভোলা-৩ আসনের সাংসদ নুরুন্নবী চৌধুরী শাওন বিদ্যালয়ের উত্তর-পশ্চিম পাশে পুকুর দখলকারীদের (ভাড়াটে) উচ্ছেদের প্রক্রিয়া শুরু করেন।
গত মঙ্গলবার সরেজমিন দেখা যায়, আগস্টে দ্বিতীয়বারের মতো উত্তর-পশ্চিম পাশে পুকুর দখলমুক্ত করা হলেও বিদ্যালয় মাঠে এখনো সাত-আটটি স্থাপনা রয়ে গেছে। এখনো দখলদারদের সীমানাখুঁটি রয়েছে।
বিদ্যালয়টির সাবেক ছাত্র, শিক্ষক ও ব্যবস্থাপনা কমিটির কয়েকজন নাম প্রকাশ করার শর্তে বলেন, বিদ্যালয়ের দুটি বড় পুকুরসহ কমপক্ষে ৪০ একর জমি ছিল। বিদ্যালয়ের পক্ষ থেকে সর্বশেষ পৌরসভার ভূমি কার্যালয়ে ৭ একর ৩২ শতকের খাজনা পরিশোধ করা হয়েছে। বাস্তবে বিদ্যালয়ের ভবন, মাঠসহ এখন মাত্র চার একর জমি রয়েছে। ব্যবস্থাপনা কমিটি পুকুরের জমি ইজারা দেওয়াসহ অনেক টাকা লুটপাট করেছে। এখন জমি উদ্ধারের নামে সেসব বৈধতা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
এলাকাবাসী সূত্র জানায়, বিদ্যালয়ের জমি পুনরুদ্ধারের জন্য লালমোহনবাসী ১৫ সেপ্টেম্বর ইউএনও ও বিদ্যালয়ের সভাপতি শামছুল আরিফের কাছ থেকে মানববন্ধন করার অনুমতি নেয়। পুলিশ ১৪ সেপ্টেম্বর রাতে মানববন্ধন আয়োজকদের দুজনকে আটক করে এবং মানববন্ধন ভন্ডুল করে দেয়। পরে তাঁদের নাশকতা মামলার আসামি করা হয়। কিন্তু তাঁরা ঢাকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়েন, তাঁদের বিরুদ্ধে কোনো মামলা ছিল না। এখন বিদ্যালয়ের জমি নিয়ে কথা বললেই হয়রানি করা হচ্ছে। ভয়ে কেউ মুখ খুলছেন না।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হানিফ শিকদার বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ আছে। এর বেশি কিছু বলতে রাজি হননি তিনি।
একাধিক সাবেক শিক্ষার্থী আরও বলেন, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির লোকজন ও প্রধান শিক্ষক উন্নয়নের নাম করে বিদ্যালয়ের জমি ভাড়া দিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছেন। সেটি বৈধ করার জন্যই এখন তাঁরা উঠেপড়ে লেগেছেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ব্যবস্থাপনা কমিটির সদস্যসচিব হেলাল উদ্দিন পঞ্চায়েত গতকাল বুধবার বলেন, ‘আমরা পুকুরের সব ভাড়াটে দখলদারকে সরিয়ে তাঁদের টাকা ফেরত দেওয়ার কাজ শুরু করেছি। ইতিমধ্যে ১০-১২ জনের টাকা দিয়ে দিয়েছি।’