জনসংখ্যার ভিত্তিতে সীমানা নির্ধারণের পর ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদ ফোরামের দাবি মানবে না নির্বাচন কমিশন। আগামী মে মাসে ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরু হবে। প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদা গতকাল রোববার সন্ধ্যায় নাটোরের লালপুরে কমিশনের সার্ভার স্টেশনের স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান।প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘ইউপি ফোরামের দাবির সঙ্গে আমি একমত নই। তারা গত আড়াই বছরে এ ধরনের দাবি করেনি। অথচ আমরা নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দেওয়ার পরপরই এ দাবি তুলেছে। এটা নির্বাচন পেছানোর অজুহাত মাত্র। আমরা তাদের দাবি মানব না। আমরা মে মাস থেকে নির্বাচন অনুষ্ঠান শুরু করব।’লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে শাসমুল হুদা জানান, এ মাসের মাঝামাঝি ঢাকা সিটি করপোরেশনের নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। এই নির্বাচনের পরপরই ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রক্রিয়া শুরু হবে। এরপর হবে পৌর নির্বাচন।বেড়া (পাবনা) প্রতিনিধি জানান, এর আগে পাবনার বেড়া উপজেলায় সার্ভার স্টেশন ও নির্বাচন কমিশনের কার্যালয়ের প্রস্তাবিত জায়গা পরিদর্শন করেন শামসুল হুদা। তিনি বলেন, সীমানা নির্ধারণসংক্রান্ত জটিলতার কারণে নির্বাচন স্থগিত থাকা ইউনিয়ন ও পৌরসভাগুলোর তালিকা স্থানীয় সরকার মন্ত্রণালয়কে দেওয়া হয়েছে। মন্ত্রণালয় এ জটিলতা দূর করলে দ্রুত ওই সব জায়গায় নির্বাচনের উদ্যোগ নেওয়া হবে।