সীমানা নির্ধারণের কাজ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা সিটি করপোরেশনের ওয়ার্ডভিত্তিক সীমানা নির্ধারণ, মানচিত্র তৈরি ও চৌহদ্দির কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। ইতিমধ্যে একজন সীমানা নির্ধারণ কর্মকর্তা ও তিনজন সহকারী সীমানা নির্ধারণ কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। ২০১২ সালের ১০ জানুয়ারির মধ্যে নবগঠিত এ সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জানা গেছে, গত ১৬ আগস্ট স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব কে এফ এম জেসমীন আখতার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে সীমানা নির্ধারণ কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়। এতে কুমিল্লা জেলা প্রশাসককে সীমানা নির্ধারণ কর্মকর্তা, কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও উন্নয়ন), উপজেলা নির্বাহী কর্মকর্তা আদর্শ সদর ও সদর দক্ষিণকে সহকারী সীমানা নির্ধারণ কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়। স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯ এর ২৭ ও ২৮ ধারা অনুযায়ী সীমানা নির্ধারণের জন্য ওই নিয়োগ দেওয়া হয়। ইতিমধ্যে তাঁরা কাজ শুরু করে দিয়েছেন। একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘কুমিল্লা পৌরসভা ও সদর দক্ষিণ পৌরসভা নিয়ে কুমিল্লা সিটি করপোরেশন হয়েছে। কুমিল্লা পৌরসভার এক থেকে ১৮টি ওয়ার্ড ঠিক রেখে সদর দক্ষিণ পৌরসভার ওয়ার্ডগুলো থেকে পরবর্তী ওয়ার্ড সংখ্যা গণনা করা হবে। ওই হিসাবে কুমিল্লা সিটি করপোরেশনে ২৭টি ওয়ার্ড হয়। জটিলতা এড়ানোর জন্য ওই উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে সিটি করপোরেশনের মানচিত্র তৈরি ও সীমানার বিষয়টি নির্ধারণ করা হচ্ছে। সীমানা নির্ধারণের পর ভূমি কর্মকর্তা ও জেলা প্রশাসন পত্রিকায় বিজ্ঞপ্তি দেবে। নির্ধারিত সময়ের মধ্যেই আমরা মন্ত্রণালয়ে চূড়ান্ত প্রতিবেদন পাঠাতে পারব।’ সীমানা নির্ধারণ কর্মকর্তা ও কুমিল্লা জেলা প্রশাসক মো. রেজাউল আহসান প্রথম আলোকে বলেন, ‘এখন ওয়ার্ডভিত্তিক সীমানা নির্ধারণের কাজ চলছে। দ্রুতগতিতেই আমরা কাজ করছি। ১৮০ দিনের মধ্যে কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচন হওয়ার বাধ্যবাধকতা রয়েছে। সে লক্ষ্যেই কাজ হচ্ছে।’