সীমানা নির্ধারণের ৩-৪ মাসের মধ্যে ডিসিসির নির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সিটি করপোরেশনের (ডিসিসি) সীমানা নির্ধারণের তিন থেকে চার মাসের মধ্যে নির্বাচন  দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার বলেন কাজী রকিবউদ্দীন আহমদ। তিনি বলেন, তবে সীমানা নির্ধারণের কাজটি স্থানীয় সরকারের হাতে। তারা সীমানা নির্ধারণ করলে ওয়ার্ডগুলোর ভোটার নির্বাচন করা হবে। এরপরই নির্বাচন দেওয়া হবে।

আজ মঙ্গলবার সকালে রাজশাহীর একটি রেস্তোরাঁয় ‘প্রার্থী ব্যবস্থাপনা পদ্ধতি ও ফলাফল ব্যবস্থাপনা পদ্ধতি’ শীর্ষক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার  কাজী রকিবউদ্দীন আহমদ এ কথা বলেন।

রাজশাহী বিভাগের আট জেলার প্রশাসন ও নির্বাচন কর্মকর্তাদের নিয়ে আয়োজিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন নির্বাচন কমিশনের সচিব সিরাজুল ইসলাম। উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের যুগ্ম সচিব বেগম জেসমিন টুলি, বিভাগীয় কমিশনার হেলালুদ্দীন আহমদ, জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন চৌধুরী, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সুভাস চন্দ্র সরকার ও জেলা নির্বাচন কর্মকর্তা সাইফুল ইসলাম প্রমুখ।

কর্মশালায় কাজী রকিবউদ্দীন আহমদ বলেন, ‘আগের দিনের ভুয়া ভোটার এখন কাল্পনিক। নির্বাচন কমিশন এখন প্রযুক্তিগতভাবে অনেক উন্নত।’ তিনি বলেন, এসব প্রযুক্তি ব্যবহারের জন্য দক্ষ জনবল দরকার। ওয়ার্কশপের মাধ্যমে দক্ষতা অর্জনের জন্য তিনি কর্মকর্তা-কর্মচারীদের প্রতি আহ্বান জানান।

কর্মশালা শেষে বিভিন্ন প্রশ্নের জবাব দেন প্রধান নির্বাচন কমিশনার। ঈদের পর বিএনপির আন্দোলনে সরকার পতন হলে অন্তর্বর্তী নির্বাচন  দেওয়ার প্রস্তুতি আছে কি না—জানতে চাইলে কাজী রকিবউদ্দীন বলেন, যেকোনো সময় নির্বাচনের প্রস্তুতি রয়েছে নির্বাচন কমিশনের।

ইভিএম প্রসঙ্গে তিনি বলেন, ‘ভারতের সব রাজ্যে ইভিএম  চলছে। এখন আরও উন্নত হয়েছে। আমাদের দেশে এখন ব্যবহার হচ্ছে। কিন্তু বেশ কিছু নির্বাচনে  কয়েকটি মেশিন বিকল হয়ে যায়। রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনেও এ সমস্যা হয়। এই মেশিনগুলোর মধ্য থেকে ভালো মেশিন বাছাই করে ভবিষ্যতে ব্যবহার করা যায় কি না, এ ব্যাপারে চিন্তা করা হচ্ছে। ইউনিয়নগুলোর নির্বাচনে ইভিএম ব্যবহারের জন্য তাদের আইন বা বিধি সংশোধনের প্রয়োজন। তাই তাদের বিধি সংশোধন প্রক্রিয়া চলছে।’