সীমানা নিয়ন্ত্রণ ব্যবস্থাপনার ওপর সন্ত্রাসবিরোধী প্রশিক্ষণ
সীমানা নিয়ন্ত্রণ ব্যবস্থাপনার ওপর বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্থার কর্মকর্তাদের জন্য ১০ দিনের প্রশিক্ষণ আজ বৃহস্পতিবার শেষ হয়েছে। ঢাকায় পুলিশ স্টাফ কলেজে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রশিক্ষণ দেন যুক্তরাষ্ট্রের প্রশিক্ষকেরা।
ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়, দেশটির পররাষ্ট্র দপ্তরের সন্ত্রাসবিরোধী সহায়তা কর্মসূচি ও দূতাবাসের আঞ্চলিক নিরাপত্তা কার্যালয় এই কর্মসূচির আয়োজন করে।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), বাংলাদেশ পুলিশের বিশেষ শাখার ইমিগ্রেশন ইউনিট, বাংলাদেশ কোস্ট গার্ড, জাতীয় রাজস্ব বোর্ডের শুল্ক বিভাগ এবং ইমিগ্রেশন ও পাসপোর্ট বিভাগের কর্মকর্তারা এ প্রশিক্ষণে অংশ নেন।
আজ সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাসের ভারপ্রাপ্ত মিশন উপপ্রধান ভিরাজ লাবেইলি, পুলিশ স্টাফ কলেজের নাজমুল হক, ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাসের আঞ্চলিক নিরাপত্তা কর্মকর্তা বার্নার্ড নিক্সন এবং বাংলাদেশ পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের জ্যেষ্ঠ কর্মকর্তারা।
এ উদ্দেশ্য প্রসঙ্গে ভিরাজ লাবেইলি বলেন, ‘সন্ত্রাসবিরোধী সহায়তা কর্মসূচি সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ের অনেকগুলো উপায়ের একটি, যা সবাই সম্মিলিতভাবে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে বাংলাদেশ, যুক্তরাষ্ট্র এবং সমগ্র অঞ্চলের স্বার্থ রক্ষায় ব্যবহার করতে পারি। ২০০০ সাল থেকে এই কর্মসূচির অধীনে দেওয়া প্রশিক্ষণে নিরাপত্তা সংস্থা, মন্ত্রণালয় এবং বিভাগের হাজার হাজার বাংলাদেশি আইনপ্রয়োগকারী এবং কর্মকর্তা অংশ নিয়েছেন। সীমানা নিয়ন্ত্রণ ব্যবস্থাপনার ওপর এই প্রশিক্ষণ সীমানা নিরাপত্তা সংস্থাগুলোকে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে দেশের সক্ষমতা বাড়াতে বিভিন্ন সৃজনশীল কৌশল ও দক্ষতা প্রয়োগে সমর্থ করবে।’
বাংলাদেশ সরকারের সঙ্গে অংশীদারির মাধ্যমে যুক্তরাষ্ট্র দূতাবাস এ বছর আরও প্রশিক্ষণ কর্মসূচির পরিকল্পনা করছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।