সীমানা নিয়ে দ্বন্দ্ব তিন হাজার গাছ কেটে সাবাড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই জেলার সীমানা বিরোধকে কেন্দ্র করে কলা, রেইনট্রিসহ বিভিন্ন প্রজাতির তিন হাজার গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এ ঘটনার জন্য বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলা ও ঝালকাঠি সদর উপজেলার বিনয়কাঠি এলাকার লোকজন পরস্পরকে দায়ী করেছে। গত শনিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, বরিশালের বাবুগঞ্জ উপজেলার হাদিবাসকাঠি গ্রামের কাছে কালিজিরা নদীতে ১৯৭২ সালে চর জেগে ওঠে। নদীর ভাঙনে ক্ষতিগ্রস্ত হয়েছে দাবি করে হাদিবাসকাঠি গ্রামের মানুষ ওই চর দখল করে নেয় বলে অভিযোগ পাওয়া গেছে। চরে ওই গ্রামের কয়েক ব্যক্তি গাছ লাগায়। চরটি ঝালকাঠি ও বাবুগঞ্জের সীমান্তবর্তী এলাকায় জেগে উঠেছিল। এ কারণে ঝালকাঠি সদর উপজেলার বিনয়কাঠি গ্রামের লোকজনও ওই চরের জমি দাবি করে এবং তাদের মধ্যে কয়েক ব্যক্তি সেখানে বাগান করে কলাগাছের চারা লাগায়। ওই চরের বেড়িবাঁধে বন বিভাগ কিছুদিন আগে রেইনট্রিগাছের চারাও লাগায়।এলাকাবাসী সূত্রে জানা গেছে, একদল দুর্বৃত্ত গত শুক্রবার মধ্যরাতে ওই চরে লাগানো কিছু ফলবান কলাগাছ ও রেইনট্রি কেটে ফেলে। খবর পেয়ে শনিবার বিকেলে ঘটনাস্থলে যায় বরিশাল বিমানবন্দর থানা ও ঝালকাঠি সদর থানার পুলিশ। এ সময় পুলিশ উভয় পক্ষকে শান্ত থাকার নির্দেশ দিয়ে চলে আসে। শনিবার দিবাগত রাতে দুর্বৃত্তরা আবারও বিভিন্ন প্রজাতির তিন হাজার গাছ কেটে ফেলে। বিনয়কাঠি গ্রামের শহিদুল ইসলাম ও সিরাজুল ইসলাম বলেন, এই সম্পত্তি নিয়ে সরকারিভাবে মামলা চলছে। এখনো কাউকে বন্দোবস্ত দেওয়া হয়নি।বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) মো. শাহ রিয়াজ বলেন, ভূমি নিয়ে সমস্যা আছে কি না, তা কাগজপত্র না দেখে বলা যাচ্ছে না।বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পলাশ কান্তি বালা জানান, ২০ জানুয়ারি বিভাগীয় কমিশনার বরিশাল ও ঝালকাঠি জেলার সীমানা নিয়ে চলা বিরোধ মীমাংসার জন্য ওই চরের জমি মাপ দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু এর মধ্যেই গাছ কাটার ঘটনা ঘটায় তা আর করা যায়নি। সীমানা নির্ধারণ না করায় ওই জমি কাউকে বন্দোবস্ত দেওয়া যাবে না।নাম প্রকাশে অনিচ্ছুক ঝালকাঠির সদর উপজেলা প্রশাসনের এক কর্মকর্তা জানান, ওই চরের জমির বিষয়ে মন্ত্রণালয়ে একটি প্রতিবেদন পাঠানো হয়েছে। তবে ওই চরে যেসব উন্নয়নমূলক কাজ করা হচ্ছে, তা ঝালকাঠির আওতায় করা হচ্ছে।