সীমানা নিয়ে বিরোধে দুই ইউপির নির্বাচন স্থগিত
সীমানা বিরোধ নিয়ে চলা একটি মামলায় মাগুরার মহম্মদপুর উপজেলার সদর ইউনিয়ন ও পার্শ্ববর্তী ফরিদপুরের বোয়ালমারীর ময়না ইউনিয়নের নির্বাচন তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে। উচ্চ আদালতের নির্দেশে দুই ইউনিয়নে নির্বাচন স্থগিত করা হয়।
গতকাল বৃহস্পতিবার এ সংক্রান্ত চিঠি পান জেলা নির্বাচন কর্মকর্তা ও মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। নির্বাচন কমিশনের উপসচিব মো. সামসুল আলম স্বাক্ষরিত চিঠিতে উচ্চ আদালতের আদেশ অনুযায়ী ইউনিয়ন পরিষদ (ইউপি) দুটির নির্বাচনের তফসিল স্থগিত করার কথা উল্লেখ করা হয়। তৃতীয় ও চতুর্থ দফায় ঘোষিত তফসিল অনুযায়ী ২৩ এপ্রিল ময়না ও আগামী ৭ মে মহম্মদপুর সদর ইউপিতে ভোট হওয়ার কথা ছিল।
মাগুরা জেলা নির্বাচন কার্যালয় ও মহম্মদপুরের ইউএনও কার্যালয় সূত্র জানায়, মহম্মদপুরের সদর ইউনিয়ন ও পাশের বোয়ালমারীর ময়না ইউনিয়নের সীমানার মধ্যে জাঙ্গালিয়া, মুরাইল পশ্চিমখণ্ড, ধুপুড়িয়া, চরবর্ণি ও রুইজানির পাঁচটি মৌজার সীমানা নির্ধারণসংক্রান্ত জটিলতা নিয়ে পাঁচ দশক ধরে মামলা চলছে। ২০০৩ সালে নিম্ন আদালত জাঙ্গালিয়া ও রুইজানি বাদে বাকি তিনটি মৌজা বোয়ালমারীর অন্তর্গত বলে রায় দেন। পরে জাঙ্গালিয়া গ্রামের শহিদুল ইসলাম মোল্লা পাঁচটি মৌজা মহম্মদপুরের অন্তর্গত বলে ওই বছর হাইকোর্টে রিট করেন।
গত ১১ এপ্রিল ময়না ইউনিয়নের মুরাইল গ্রামের মো. ওহিদুজ্জামান উচ্চ আদালতে ওই রিটের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্বাচন স্থগিতের জন্য আবেদন করেন। এরপর উচ্চ আদালত ময়না ইউনিয়নের নির্বাচন স্থগিত করেন। একই কারণে মহম্মদপুর সদর ইউপির নির্বাচনও তিন মাসের জন্য স্থগিতের আদেশ দেওয়া হয়।
মহম্মদপুর উপজেলা নির্বাচন কার্যালয় জানায়, গত ২৭ মার্চ চতুর্থ দফায় মহম্মদপুর ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। তফসিল ঘোষণার পর মোট ৫১২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৫৯, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৩৫৩ ও সদস্য পদে ১০০ জন প্রার্থী রয়েছেন। তফসিল ঘোষণার পর প্রার্থীরা নির্বাচনী প্রচারণা শুরু করেন। প্রতীক বরাদ্দের পর তাঁরা পুরোদমে নির্বাচনী প্রচারণায় নেমে পড়েন।
নির্বাচনের সমন্বয়কারী ও মহম্মদপুরের ইউএনও মো. শাহীন হোসেন বলেন, উচ্চ আদালতের আদেশে মহম্মদপুর সদর ইউপির নির্বাচনের তফসিল স্থগিত করা হয়েছে। তবে উপজেলার বাকি সাত ইউপিতে নির্ধারিত দিনে ভোট হবে।
মাগুরা জেলা নির্বাচন কর্মকর্তা আহমদ আলী গতকাল বৃহস্পতিবার বিকেলে প্রথম আলোকে বলেন, ‘আজই কমিশন থেকে নির্বাচন স্থগিত-সংক্রান্ত উচ্চ আদালতের ওই নির্দেশনা হাতে পেয়েছি। এর আগেই ওই ইউপিতে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়।’