সীমানা পার হওয়ার পর সোনাসহ চারজন আটক
বাংলাদেশ থেকে পাচার হওয়ার পর চার কেজি ৩০০ গ্রাম সোনাসহ ভারতের পেট্রাপোল চেকপোস্টে চার ভারতীয় নাগরিককে আটক করেছে সে দেশের শুল্ক কর্তৃপক্ষ৷ গতকাল শুক্রবার বেলা তিনটার দিকে যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে পেট্রাপোলে যাওয়ার পর তাঁদের আটক করা হয়৷
বেনাপোল অভিবাসন পুলিশ জানায়, বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টে তল্লাশির পর পাসপোর্টধারী চার ভারতীয় নাগরিক পেট্রাপোল অভিবাসন তল্লাশিচৌকিতে যান৷ ভারতীয় শুল্ক কর্মকর্তারা তাঁদের তল্লাশি করে চার কেজি ৩০০ গ্রাম ওজনের ৭৬টি সোনার বার জব্দ করেন৷
অভিবাসন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম প্রথম আলোকে বলেন, ‘যাত্রীরা বৈধ পথেই তল্লাশিচৌকি অতিক্রম করেন৷ নিয়ম অনুযায়ী বেনাপোলের শুল্ক কর্মকর্তারা যাত্রীদের ব্যাগ তল্লাশি করেন৷ যে কারণে বিষয়টি আমাদের অগোচরে রয়ে যায়৷’
বেনাপোল শুল্ক বিভাগের যুগ্ম কমিশনার সাধন কুণ্ডু জানান, তিনি ছুটিতে আছেন৷ তিনি আরও বলেন, ‘বেনাপোল চেকপোস্টে পাসপোর্টধারী যাত্রীদের তল্লাশি বিমানবন্দরের মতো সুচারু নয়৷ তল্লাশির পরে শূন্যরেখা দিয়ে যাওয়ার সময় কেউ চোরাই কোনো পণ্য নিতে পারেন৷