সীমানা পুনর্নির্ধারণ ছাড়াই সংসদ নির্বাচন করতে চায় ইসি
নির্বাচনী আসনের সীমানা পুনর্নির্ধারণ না করেই দশম জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করতে চায় নির্বাচন কমিশন (ইসি)। এ জন্য কমিশন নিজেদের সপক্ষে আইনি যুক্তি খুঁজে বেড়াচ্ছে বলে কমিশন সচিবালয় সূত্রে জানা গেছে। নির্বাচনী আসনের সীমানা পুনর্নির্ধারণ আইন ১৯৭৬ অনুযায়ী, প্রশাসনিক সুবিধা এবং সর্বশেষ আদমশুমারির প্রতিবেদনের ভিত্তিতে জনসংখ্যা বণ্টনের বিষয়টি বিবেচনায় নিয়ে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করতে হবে। সম্প্রতি প্রকাশিত আদমশুমারি প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে (২০১১ সালের ১৫ মার্চ পর্যন্ত) দেশের মোট জনসংখ্যা ১৪ কোটি ৯৭ লাখ ৭২ হাজার ৩৬৪ জন। আর সীমানা নির্ধারণ বিধান অনুযায়ী, প্রায় পাঁচ লাখ জনগোষ্ঠী নিয়ে একেকটি নির্বাচনী আসন হওয়ার কথা (পার্বত্য তিন জেলা বাদে)। এই হিসাবে ঢাকার আসনসংখ্যা চারটি বেড়ে ২৪টিতে উন্নীত হবে। কারণ, বর্তমানে ঢাকার জনসংখ্যা এক কোটি ২০ লাখ ৪৩ হাজার ৯৭৭ জন। এ ছাড়া গাজীপুর, নারায়ণগঞ্জ ও সিলেটে আসন সংখ্যা বাড়বে। আর এসব জেলায় আসন বাড়ার কারণে কমে যাবে বাগেরহাট, খুলনা, পটুয়াখালী, বরিশাল, পিরোজপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, রাজশাহী ও নওগাঁ জেলায়।নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ প্রথম আলোকে বলেছেন, ‘আসনের সীমানা পুনর্নির্ধারণের ব্যাপারে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। কমিশন ২০০১ ও ২০০৮ সালের পদ্ধতির তুলনা করে দেখতে চায়। এ বিষয়ে কমিশনের পরবর্তী বৈঠকে আলোচনা হবে।’সংশ্লিষ্ট সূত্রগুলো থেকে জানা গেছে, সীমানা পুনর্নির্ধারণ করা ছাড়া নির্বাচন করা যায় কি না এবং এ ক্ষেত্রে আইনি সমর্থন আছে কি না, তা খুঁজে বের করার জন্য কমিশন সচিবালয়ের কয়েকজন শীর্ষস্থানীয় কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁরা কমিশনকে জানিয়েছেন, ২০০১ সালের অষ্টম সংসদ নির্বাচন সীমানা পুনর্নির্ধারণ ছাড়াই অনুষ্ঠিত হয়েছিল। ২০০১ সালের দৃষ্টান্ত অনুসরণ করা আগামী জাতীয় নির্বাচনের ক্ষেত্রে গ্রহণযোগ্য হবে কি না, তা নিয়ে কমিশনের আগামী বৈঠকে আলোচনা হবে।অবশ্য এ বিষয়ে কমিশন সচিবালয়ের কর্মকর্তাদের মধ্যে ভিন্নমতও আছে। তাঁদের কারও কারও মতে, ২০০১ সালে নির্বাচনের আগে আদমশুমারির প্রাথমিক প্রতিবেদন প্রকাশ হয়েছিল। চূড়ান্ত প্রতিবেদন প্রকাশিত হয়নি। তাই তখন সীমানা পুনর্নির্ধারণ ১৯৯১ সালের আদমশুমারির প্রতিবেদনের ওপর ভিত্তি করে করতে হতো। তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার এম এ সাঈদ তখন সীমানা পুনর্নির্ধারণ না করার পক্ষে যুক্তি দেন, ২০০১ সালের আদমশুমারির প্রাথমিক প্রতিবেদন প্রকাশ হওয়ার পর ’৯১ সালের প্রতিবেদন ধরে সীমানাবিন্যাস করা যৌক্তিক নয়।সাবেক নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেনের মতে, ২০০১ সাল ও বর্তমানের প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন। নির্বাচনী আসনের সীমানা পুনর্বিন্যাসের জন্য আদমশুমারির চূড়ান্ত প্রতিবেদন তৈরি হয়েছে। সুতরাং সীমানা পুনর্নির্ধারণ করে ফেলাই ভালো। নইলে একাধিক মামলা হবে। অন্তত বিএনপি মামলা করবে। কারণ তারা এখনো মনে করে, আগের বারের সীমানাবিন্যাসের কারণে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। কমিশন সচিবালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মকর্তা বলেন, সীমানা পুনর্বিন্যাস করলেও মামলা হবে, না করলেও হবে। নিজেদের সুবিধার জন্যই সম্ভাব্য প্রার্থীরা ভোটার এলাকার ভৌগোলিক সীমানা পরিবর্তন করা বা না করার জন্য মামলা করতে পারেন। তাঁদের মতে, সীমানাবিন্যাস না করার কারণে মামলা হলে কমিশনের পক্ষে পরে ভুল শোধরানোর সুযোগ থাকবে না। আর সীমানাবিন্যাসের কারণে মামলা হলে এবং আদালত তাতে ভিন্ন কোনো নির্দেশনা দিলে কমিশন পুরনো সীমায় নির্বাচন করার সুযোগ পাবে। কমিশন সচিবালয়ের কর্মকর্তারা বলেন, বিদ্যমান আইন, অর্থাৎ জনসংখ্যার ওপর ভিত্তি করে আসনবিন্যাসের বিধান বহাল থাকলে ঢাকার আসন অবিরাম বাড়তে থাকবে এবং অন্যান্য জেলার আসন কমতে থাকবে। এ কারণে এ টি এম শামসুল হুদার নেতৃত্বাধীন বিগত নির্বাচন কমিশন ঢাকা মহানগরের আসন সংখ্যা ১০টিতে সীমাবদ্ধ করে দিয়ে আইন সংশোধনের প্রস্তাব করেছিল। কিন্তু বর্তমান কমিশন এ-সংক্রান্ত আইন সংশোধনের ব্যাপারে উদ্যোগী হতে আগ্রহী নয়।