সীমানা পুনর্নির্ধারণে নতুন চিন্তা ইসির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনসংখ্যা, ভোটার সংখ্যা ও মোট আয়তনের সমন্বয়ের মাধ্যমে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের প্রস্তাব করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। বিদ্যমান আইনে এই সীমানা নির্ধারিত হয় জনসংখ্যার ভিত্তিতে। নতুন চিন্তার আলোকে ইসি আইন করার লক্ষ্যে একটি খসড়া তৈরি করেছে। এতে বিধির মাধ্যমে সিটি করপোরেশনগুলোতে আসনসংখ্যা নির্ধারিত করে দেওয়া এবং যত দূর সম্ভব উপজেলার প্রশাসনিক অখণ্ডতা ঠিক রেখে সীমানা নির্ধারণ করার কথা বলা হয়েছে।

ইসির সূত্র জানায়, এই খসড়া নিয়ে গতকাল বুধবার থেকে নিজেদের মধ্যে আলোচনা শুরু করেছে কমিশন। আজ বৃহস্পতিবারও এ নিয়ে আলোচনা হতে পারে। খসড়াটি চূড়ান্ত করার পর অংশীজনদের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে প্রয়োজনীয় সংযোজন-বিয়োজন করে নতুন আইন করার উদ্যোগ নেওয়া হবে। দি ডিলিমিটেশন অর্ডিন্যান্স-১৯৭৬ রহিত করে ‘নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ আইন-২০১৭’ প্রণয়নের উদ্দেশ্যে এই খসড়াটি করা হয়েছে।

এ বিষয়ে বিশেষজ্ঞদের কেউ কেউ বলছেন, জনসংখ্যা, ভোটার সংখ্যা এবং মোট আয়তন—এই তিনটির সমন্বয় করা কঠিন হবে। তবে ক্ষমতাসীন আওয়ামী লীগ বলছে, কমিশন যে চিন্তা করছে, তা ঠিক আছে। আর বিএনপি বলছে, তারা ২০০৮ সালের আগের সীমানাকে গুরুত্ব দিচ্ছে।

সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের বিষয়ে প্রস্তাবিত খসড়ায় বলা হয়, সর্বশেষ আদমশুমারি অনুযায়ী জনসংখ্যা, ভোটার সংখ্যা এবং মোট আয়তনের ভিত্তিতে প্রতিটি জেলার জন্য আসনসংখ্যা নির্ধারিত হবে। এরপর আসনের সীমানা পুনর্নির্ধারণ করা হবে। সীমানা নির্ধারণের ক্ষেত্রে সর্বনিম্ন ইউনিটের (ইউনিয়ন) অখণ্ডতা, আয়তন, প্রশাসনিক সুবিধা ও যোগাযোগব্যবস্থা যত দূর সম্ভব অক্ষুণ্ন রাখার বিষয়ে বিশেষভাবে বিবেচনা করতে হবে। তবে জনসংখ্যা এবং ভোটার সংখ্যার সমন্বয়ের স্বার্থে ক্ষেত্রবিশেষে সর্বনিম্ন প্রশাসনিক ইউনিটকে যেকোনো নির্বাচনী এলাকায় সংযুক্ত করা যাবে। তবে যত দূর সম্ভব উপজেলার প্রশাসনিক অখণ্ডতা অক্ষুণ্ন রেখে নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ করতে হবে।

সাবেক নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন মনে করেন, ইউনিয়নের অখণ্ডতা রাখা যায়, কিন্তু অনেক ক্ষেত্রে উপজেলা প্রশাসনের অখণ্ডতা রাখা যায় না। তিনি প্রথম আলোকে বলেন, দেশে ৪৫০টির বেশি উপজেলা আছে, আর সংসদীয় আসন এখন ৩০০টি। জনসংখ্যা, ভোটার সংখ্যা এবং আয়তন—এই তিনটিকে নির্বাচন কমিশন কীভাবে সমন্বয় করবে, উপজেলা প্রশাসনের অখণ্ডতা অক্ষুণ্ন রাখবে, তা বোঝা যাচ্ছে না।

আর স্থানীয় সরকার বিশেষজ্ঞ অধ্যাপক তোফায়েল আহমেদ বলেন, এক উপজেলায় দুজন সংসদ সদস্য হলে উপজেলা পরিষদের দুজন উপদেষ্টা হয়ে যান। তাই উপজেলা না ভেঙে একাধিক উপজেলা মিলিয়েও আসন করা যায়। তাঁর মতে, জনসংখ্যা, ভোটার সংখ্যা এবং প্রশাসনিক অখণ্ডতা ঠিক রেখে আসন নির্ধারণ করা যায়। ইসির খসড়ায় আরও বলা হয়, জেলা পর্যায়ে আসন বণ্টন বিধিবিধান দ্বারা নিয়ন্ত্রিত হবে। তবে প্রতিটি জেলায় ন্যূনতম একটি সংসদীয় আসন রাখতে হবে। প্রতিটি সিটি করপোরেশনে ন্যূনতম একটি আসন নির্ধারণ করা যাবে এবং বিধি দ্বারা সিটি করপোরেশনের আসনসংখ্যা নির্ধারিত করে দেওয়া হবে।

তবে শেষ পর্যন্ত সিটি করপোরেশনে আসনসংখ্যা নির্ধারিত করে দেওয়ার বিধানটি রাখা সম্ভব হবে কি না, তা নিয়ে ইসির সংশ্লিষ্ট কর্মকর্তাদের সন্দেহ আছে। এ বিষয়ে এম সাখাওয়াত হোসেন বলেন, সব সিটি করপোরেশন নয়, ঢাকা এবং চট্টগ্রাম মহানগরে আসনসংখ্যা নির্দিষ্ট করে দেওয়া উচিত।

নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, বড় শহরগুলোয় জনসংখ্যার ঘনত্ব বেশি। কেবল জনসংখ্যার বিচারে সংসদীয় আসনের সীমানা নির্ধারণ করা হলে শহরাঞ্চলে আসনসংখ্যা বেড়ে যাবে। আর গ্রামাঞ্চলে কমে যাবে। তাই জনসংখ্যা, ভোটার সংখ্যা ও মোট আয়তনকে প্রাধান্য দিয়ে আইন করার কথা ভাবছে কমিশন।

এর আগে নির্বাচন কমিশন ঘোষিত একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের কর্মপরিকল্পনায়ও বিষয়টি এসেছিল। তাতে সীমানা পুনর্নির্ধারণের বিষয়ে বলা হয়, জনসংখ্যা, মোট আয়তন ও ভোটার সংখ্যাকে প্রাধান্য দিয়ে, বড় শহরের আসনসংখ্যা সীমিত করে আয়তন ও উপজেলার অখণ্ডতা ঠিক রেখে সংসদীয় আসনের সীমানা নির্ধারণের বিষয়টি কমিশনের সক্রিয় বিবেচনায় আছে।

জানতে চাইলে নির্বাচন কমিশনের যুগ্ম সচিব (আইন) মো. শাহজাহান প্রথম আলোকে বলেন, সংসদীয় আসনের আসনের সীমানা পুনর্নির্ধারণের একটি আইন এখন আছে। এর কিছু সংস্কার দরকার। এ বিষয়ে গতকাল তাঁরা আলোচনা করেছেন। আরও আলোচনা হবে।

ইসি সূত্র জানায়, ২০০১ সালের আদমশুমারির ভিত্তিতে ২০০৮ সালের জাতীয় নির্বাচনের আগে সংসদীয় আসনের সীমানায় বড় ধরনের পরিবর্তন এসেছিল। ২০১৪ সালের নির্বাচনের আগে আর কোনো পরিবর্তন আনা হয়নি। যদিও ২০১১ সালে একটি আদমশুমারি হয়েছিল। তাই এখন ইসি মনে করছে, আগামী সংসদ নির্বাচনের আগে ২০১১ সালের আদমশুমারির তথ্য বিবেচনায় নেওয়া প্রয়োজন।

ইসির খসড়ায় বলা হয়, সর্বশেষ আদমশুমারির তথ্য প্রকাশের এক বছরের মধ্যে আসনের সীমানা পুনর্নির্ধারণ করতে হবে। তবে আদমশুমারি প্রতিবেদন প্রকাশের আগে কোনো নির্বাচনের তফসিল হলে এবং ওই সময়সূচি সীমানা নির্ধারণ সময়সূচির সঙ্গে সাংঘর্ষিক হলে নির্বাচন শেষ হওয়ার পরবর্তী ১২ মাসের মধ্যে সীমানা পুনর্নির্ধারণ করতে হবে। খসড়ায় বলা আছে, এই আইনের অধীনে কোনো নির্বাচনী আসন বণ্টন বা সীমানা নির্ধারণ বা কমিশন কর্তৃক, কমিশনের কর্তৃত্বাধীনে গৃহীত কোনো কাজের বৈধতা সম্পর্কে আদালত বা কোনো কর্তৃপক্ষের কাছে প্রশ্ন তোলা যাবে না।

জানতে চাইলে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক প্রথম আলোকে বলেন, জনসংখ্যা, ভোটার, আয়তন মিলিয়ে সংসদীয় আসন পুনর্নির্ধারণ করার চিন্তা ঠিক আছে। এভাবেই হওয়া উচিত।

আর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রথম আলোকে বলেন, সীমানা পুনর্নির্ধারণ কীভাবে হলে ভালো হয়, তা নিয়ে বিএনপি কাজ করছে। এই বিষয়ে দলের সাবেক সাংসদ, জেলা ও উপজেলা নেতাদের মতামত চাওয়া হয়েছে। সবার মতামতের ভিত্তিতে বিএনপি নিজেদের অবস্থান তুলে ধরবে। তবে ২০০৮ সালের আগে যেভাবে সংসদীয় আসন ছিল, বিএনপি সেটাকে বেশি পছন্দ করে।