সীমানা পুনর্নির্ধারণের প্রস্তাবে অসমতা বেড়েছে: সুজন
সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের যে খসড়া নির্বাচন কমিশন করেছে, তাতে অসমতা গতবারের চেয়ে আরও বেড়েছে। এটি কোনোভাবেই কাম্য হতে পারে না। তাই সমজনসংখ্যার ওপর গুরুত্ব দিয়ে সংসদীয় এলাকার সীমানা পুনর্নির্ধারণ করতে হবে। একই সঙ্গে সংবিধান সংশোধন করে সীমানা নির্ধারণের জন্য একটি স্বাধীন সীমানা নির্ধারণ কমিশন গঠন করতে হবে।গতকাল শনিবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে সুশাসনের জন্য নাগরিকের (সুজন) পক্ষ থেকে এসব কথা বলা হয়।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার। এতে উপস্থিত ছিলেন সুজনের সভাপতি ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম হাফিজউদ্দিন খান, মন্ত্রিপরিষদের সাবেক সচিব আলী ইমাম মজুমদার, সুজনের কোষাধ্যক্ষ আবদুল হক প্রমুখ।সংবাদ সম্মেলনে বলা হয়, যথাযথভাবে সীমানা পুনর্নির্ধারণ না করায় অতীতের মতো নির্বাচনী এলাকাগুলোর মধ্যে ভোটারসংখ্যার বিরাট পার্থক্য দেখা দিয়েছে। যেমন গত নির্বাচন কমিশনের অধীনে অনুষ্ঠিত ২০০৮ সালের সীমানা পুনর্নির্ধারণের পর সবচেয়ে বড় নির্বাচনী এলাকা ঢাকা-১৯-এর (সাভার) ভোটারসংখ্যা ছিল ছয় লাখ দুই হাজার ৩৮৬। আর সবচেয়ে ছোট নির্বাচনী এলাকা ঝালকাঠি-১ আসনে ভোটারসংখ্যা ছিল এক লাখ ৩৭ হাজার ৯১। অর্থাৎ, এই দুই নির্বাচনী এলাকার ভোটারসংখ্যার পার্থক্য ছিল সাড়ে চার লাখের বেশি।সম্প্রতি প্রকাশিত খসড়া তালিকা অনুযায়ী, ঢাকা-১৯-এ ভোটারসংখ্যা আট লাখ দুই হাজার ১৬৪। আর টাঙ্গাইল-৪ আসনের ভোটারসংখ্যা সর্বনিম্ন এক লাখ ৩০ হাজার ৪১৬। ফলে সীমানা পুনর্নির্ধারণের পর সবচেয়ে বড় নির্বাচনী এলাকার সঙ্গে সবচেয়ে ছোট নির্বাচনী এলাকার ভোটারসংখ্যার ব্যবধান সাড়ে ছয় লাখের বেশি।