সীমানা বাড়ছে কুমিল্লা সিটি করপোরেশনের
কুমিল্লা সিটি করপোরেশনের সীমানা বাড়ছে। একই সঙ্গে ৫০ বছর মেয়াদি মহাপরিকল্পনা প্রণয়নের কাজ পুরোদমে শুরু হয়েছে। মহাপরিকল্পনাটি বাস্তবায়িত হলে কুমিল্লা দেশের অন্যতম আবাসন নগর হিসেবে রূপ নেবে বলে নগরসংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন। সিটি করপোরেশনের একাধিক দায়িত্বশীল কর্মকর্তা ও প্রকৌশলী প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেন।সিটি করপোরেশনের নগর পরিকল্পনাবিদ সানজিদা হক জানান, সিটি করপোরেশনের বর্তমান আয়তন ৫৩ দশমিক শূন্য ৪ বর্গকিলোমিটার। এর সঙ্গে তৎসংলগ্ন আরও প্রায় ৯৬ দশমিক ৯৬ বর্গকিলোমিটার এলাকা সুনির্দিষ্ট করা হয়েছে। সব মিলিয়ে মহাপরিকল্পনা অনুযায়ী ওই আয়তন বাড়ানো হচ্ছে ১৫০ বর্গকিলোমিটার পর্যন্ত। গত ৩ জুন থেকে মহাপরিকল্পনা প্রণয়নের কাজ শুরু হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে প্রায় তিন কোটি টাকা ব্যয়ে পরামর্শক-প্রতিষ্ঠান শেলেটক্ প্রাইভেট লিমিটেডের প্রকৌশলীরা ওই মহাপরিকল্পনা প্রণয়ন করছেন। ২০১৩ সালের অক্টোবরের মধ্যে ওই কাজ শেষ হবে। ইতিমধ্যে জরিপের কাজ শুরু হয়েছে। প্রস্তাবিত সীমানার মধ্যে সিটি করপোরেশনের পূর্বে বিবির বাজার এলাকা, উত্তরে গোমতী নদীর পালপাড়া এলাকা, দক্ষিণে সুয়াগাজী এবং পশ্চিমে কুমিল্লা সেনানিবাসের আগ পর্যন্ত এলাকা রাখা হয়েছে। প্রস্তাবিত মহাপরিকল্পনায় কুমিল্লা সিটি করপোরেশনের আওতাভুক্ত করা হয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়, কুমিল্লা মেডিকেল কলেজ ও কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ডিগ্রি শাখাকে। শেলেটকের কনিষ্ঠ নগর পরিকল্পনাবিদ খান আবদুল মোতালেব বলেন, ‘চারটি ধাপে কুমিল্লা সিটি করপোরেশনের ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এর মধ্যে জাতীয় নীতিমালার আলোকে কৌশলগত উন্নয়ন দিকনির্দেশনা, অবকাঠামোগত সুযোগ-সুবিধা, ভূমি ব্যবহার ও ডিটেইলড এরিয়া প্ল্যানে (ড্যাপ) বিষয়টি রয়েছে। মহাপরিকল্পনায় আমরা নাগরিক সুযোগ-সুবিধা প্রাপ্তির বিষয়টি লক্ষ রেখেছি। তা ছাড়া কোন এলাকায় কী হবে, সে বিষয়টিও সমীক্ষা করে দেখছি।’অন্যদিকে নগর পরিকল্পনাবিদ সানজিদা হক বলেন, ‘কুমিল্লা সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ড থেকে ১৮ নম্বর ওয়ার্ড পর্যন্ত ঘনবসতি বেশি। ১৯ নম্বর থেকে ২৭ নম্বর ওয়ার্ড এলাকার সীমানা খোলামেলা অবস্থায় রয়েছে, ঘনবসতিও কম। এ বিষয়টিও মহাপরিকল্পনা প্রণয়নকালে দেখা হচ্ছে।’সিটি করপোরেশনের মেয়র মো. মনিরুল হক সাক্কু বলেন, ‘৫০ বছর মেয়াদি মহাপরিকল্পনা করা হলে যেকোনো মূল্যেই সেটি বাস্তবায়ন করার চেষ্টা করব। আশা করি, কুমিল্লাবাসী দলমত-নির্বিশেষে আমাকে সর্বাত্মক সহযোগিতা করবেন।’২০১১ সালের ১০ জুলাই কুমিল্লা পৌরসভার ১৮টি ওয়ার্ড ও সদর দক্ষিণ পৌরসভার নয়টি ওয়ার্ডসহ মোট ২৭টি ওয়ার্ড নিয়ে কুমিল্লা সিটি করপোরেশন প্রতিষ্ঠা করা হয়। বর্তমানে এ নগরে পাঁচ লাখ বাসিন্দা রয়েছে।