সীমানা বিন্যাস নিয়ে রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করবে ইসি
জাতীয় সংসদের সীমানা পুনর্নির্ধারণের বিষয়ে নিবন্ধিত ৩৮টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করবে নির্বাচন কমিশন (ইসি)। বৈঠকে সীমানা পুনর্নির্ধারণের পদ্ধতি সম্পর্কে দলগুলোর মতামত নেওয়া হবে। তবে এ ক্ষেত্রে কমিশনের নিজস্ব কোনো প্রস্তাব থাকবে না বলে দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে।গতকাল মঙ্গলবার এ বিষয়ে নির্বাচন কমিশন নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। জানতে চাইলে কমিশন সচিবালয়ের সচিব মোহাম্মদ সাদিক প্রথম আলোকে বলেন, ঈদের পরে দলগুলোর সঙ্গে সংলাপ হতে পারে। তবে এখনো দিন-তারিখ ঠিক হয়নি।সংসদীয় আসনের সীমানা বিন্যাসের ব্যাপারে মতামত নিতে এর আগে গত ১৩ সেপ্টেম্বর নাগরিক সমাজের প্রতিনিধি ও ১০ অক্টোবর জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করে নির্বাচন কমিশন। ওই দুটি মতবিনিময় সভায় কমিশনের উপস্থাপিত ধারণাপত্রে সীমানা পুনর্নির্ধারণ আইনের সমস্যার কথা উল্লেখ করে বলা হয়, সীমানা পুনর্নির্ধারণ অধ্যাদেশ অনুযায়ী, আদমশুমারির প্রতিবেদন প্রকাশের পরপরই জাতীয় সংসদ নির্বাচনের জন্য পুনরায় আসনের সীমানা বিন্যাস করতে হবে। এ ক্ষেত্রে আঞ্চলিক অখণ্ডতা, প্রশাসনিক সুবিধা ও সর্বশেষ আদমশুমারির প্রতিবেদন অনুযায়ী জনসংখ্যার বিভাজনের বিষয় বিবেচনায় রাখতে হয়। এই আইনের ওপর ভিত্তি করে ২০০৮ সালে ১৩০টি আসনের সীমানায় পরিবর্তন আনা হয়। ফলে ঢাকা শহরের সংসদীয় আসনসংখ্যা আট থেকে ১৫-তে উন্নীত হয়। জনসংখ্যাকে প্রধান্য দিয়ে একই পদ্ধতি এবারও অনুসরণ করলে ঢাকা মহানগরের আসনসংখ্যা ২০ ও ঢাকা জেলার আসনসংখ্যা ২০ থেকে ২৫টিতে উন্নীত হবে। এতে দেশের অন্যান্য জেলার আসনসংখ্যা কমে যাবে।নাগরিক সমাজের প্রতিনিধি ও জ্যেষ্ঠ সাংবাদিকেরা কমিশনের এই ধারণাপত্রের সমালোচনা করে সীমানা পুনর্নির্ধারণের ব্যাপারে সুনির্দিষ্ট প্রস্তাবনা উপস্থাপনের পরামর্শ দেন। একই সঙ্গে তাঁরা এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময় করার জন্য নির্বাচন কমিশনকে পরামর্শ দেন। কমিশন সচিবালয় সূত্র জানায়, এই পরামর্শ আসার পর কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসতে আগ্রহী হয়। এরই মধ্যে বিএনপি ও জামায়াতের কয়েকজন কেন্দ্রীয় নেতা নিজ নিজ আসনের সীমানা বিন্যাসের বিষয়ে ব্যক্তিগতভাবে কমিশনের সঙ্গে কথা বলেন। এসব নেতা কমিশনকে আশ্বস্ত করেছেন, সীমানা পুনর্বিন্যাস-সম্পর্কিত সংলাপের আমন্ত্রণ পেলে বিএনপি-জামায়াত জোট তা বিবেচনা করবে।