সীমানা বিরোধ নিয়ে কলহে প্রাণ গেল এক ব্যক্তির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের ফটিকছড়িতে সীমানা বিরোধ নিয়ে কলহের জের ধরে পায়ের আঘাতে প্রাণ হারিয়েছেন মোহাম্মদ ইউসুফ (৮০)। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার ভুজপুর থানাধীন সুয়াবিলের চুরখাঁহাট এলাকার নিজ বাড়ি থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, ইউসুফের চাচাতো ভাই এনায়েতুল হকের সঙ্গে ভিটির সীমানা নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে গত সোমবার সকালে স্থানীয় ইউপি সদস্যের উপস্থিতিতে একটি সমঝোতা বৈঠকের আয়োজন করা হয়। এতে একপর্যায়ে তাঁরা বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন। লিপ্ত হন হাতাহাতিতে। এ সময় এনায়েতুল্লাহ লাথি মারেন ইউসুফের তলপেটে। ঘটনাস্থলেই ঢলে পড়েন তিনি। দ্রুত তাঁকে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। চিকিৎসকেরা তাঁকে উন্নত চিকিৎসা দেওয়ার নির্দেশ দিলেও অপারগ হয়ে বিকেলেই গুরুতর অবস্থায় তাঁকে বাড়িতে নিয়ে আসা হয়।
এ নিয়ে গতকাল সকালে আবারও একটি বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে ইউসুফের চিকিৎসা শেষে উভয় পক্ষের সার্ভেয়ার এনে বাড়ি ভিটি পরিমাপের বিষয়ে সিন্ধান্ত গ্রহণ করলে এনায়েতুল হক তা উপেক্ষা করে গালিগালাজ করতে থাকেন। এ সময় জখম নিয়ে কাতরাতে থাকা ইউসুফ সাড়ে ১২টার দিকে বিছানায় ছটফট করে মারা যান৷
ইউসুফের ছেলে মুহাম্মদ আজাদ (৩২) বলেন, ‘আমার চাচা এনায়েতুল হক, তাঁর দুই ছেলে হাসানুল করিম ও রেজাউল করিম মিলে পরিকল্পিতভাবে বাবার তলপেটে লাথি মারেন। এতে কিডনি নষ্ট হয়ে বাবা মারা যান।’
ভুজপুর থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, ‘সুরতহাল তৈরি করে লাশ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, তলপেটে লাথির আঘাতে তাঁর মূত্রপথ বন্ধ হয়ে মৃত্যু হয়েছে।’ ওসি মো. কবির হোসেন বলেন, ঘটনার পর থেকে এনায়েতুল হকের পরিবারের সবাই পলাতক।তাঁদের গ্রেপ্তারে অভিযান চলছে।এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে।