সীমানা বিরোধ নিরসনে হাতিয়ার লালঘরে বৈঠক আজ
নোয়াখালীর হাতিয়া উপজেলার ঢালচরে খোলা মাঠে আছে একটি হালকা লাল রঙের ঘর। স্থানীয় লোকজন এর নাম দিয়েছেন লালঘর। ভোলা (মনপুরা)-নোয়াখালী (হাতিয়া) সীমানা বিরোধ নিরসনে উভয় জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পর্যায়ে আজ রোববার এই লালঘরেই বসছে বৈঠক। হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হারুন-অর-রশীদ এ তথ্য জানিয়েছেন।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঢালচর ১৯৬০ সাল থেকে হাতিয়ার অংশ। নোয়াখালী জেলা প্রশাসন ১৯৬০ সালে হাতিয়ার এক হাজার ১৫৩টি ভূমিহীন পরিবার এবং ২০০২ সালে এক হাজার ২০০টি ভূমিহীন পরিবারকে ঢালচরের খাসজমি বন্দোবস্ত দেয়। বন্দোবস্ত পাওয়া ব্যক্তিরা জমি চাষ করলেও ধান কাটার মৌসুমে হাতিয়ার কিছু লুটেরার সহযোগিতায় মনপুরার লুটেরা বাহিনী প্রতিবছরই তাঁদের জমির ধান নিয়ে যায়। হাতিয়ার বাসিন্দাদের অনেকের অভিযোগ, ধান লুটের টাকা দিয়ে দুই বছর আগে নির্মাণ করা হয় ওই লালঘর। লুটেরাদের নিরাপদ আড্ডাখানা এই ঘর। এখান থেকে প্রায় রাতে হাতিয়ার বাসিন্দাদের বাড়িতে হানা দেওয়া হয়।অভিযোগ রয়েছে, মনপুরার এক প্রভাবশালী ব্যক্তি দীর্ঘদিন ধরে ঢালচরের প্রায় এক হাজার একর জমি জবরদখল করে আছেন। এ ঘটনায় চট্টগ্রাম ও বরিশাল বিভাগীয় কমিশনার পর্যায়ে ভোলার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গত ১০ ফেব্রুয়ারি বৈঠক হয়। বৈঠকে গঠিত ১৬ সদস্যের কমিটিকে ৩১ মার্চের মধ্যে ঢালচর সম্পর্কে মতামত জানাতে বলা হয়। এরই ধারাবাহিকতায় বৈঠক হচ্ছে আজ।