সীমানা বিরোধ নিয়ে সংঘর্ষে নিহত এক
কিশোরগঞ্জের ভৈরবে এক পক্ষের হামলায় হাফিজ উদ্দিন (৭০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। সীমানা নিয়ে বিরোধকে কেন্দ্র করে গতকাল শুক্রবার বিকেলে কালিকাপ্রসাদ গ্রামের বগাবাড়ির লোকজনের হামলায় হাফিজ উদ্দিনের মৃত্যু হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বড়বাড়ির হাফিজ উদ্দিনের সঙ্গে বগাবাড়ির দুলাল মিয়ার বিরোধ চলছিল। স্থানীয়ভাবে মীমাংসা না হওয়ায় দুই পক্ষই মামলা করে। এই অবস্থায় দুলাল মিয়া গতকাল বেলা তিনটার দিকে বিরোধপূর্ণ জায়গায় ঘর নির্মাণ করতে যান। এ সময় বড়বাড়ির লোকজন বাধা দেন। এতে দুই পক্ষের মধ্যে তর্ক হয়। কিছু সময় পর দুলাল মিয়ার লোকজন টেঁটা ও লাঠিসোঁটা নিয়ে হাফিজ উদ্দিনের বাড়িতে হামলা করেন। একপর্যায়ে প্রতিপক্ষের ছোড়া একটি টেঁটা হাফিজ উদ্দিনের শরীরে বিদ্ধ হয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
হাফিজ উদ্দিনের ছেলে শামসু মিয়া বলেন, ‘ঘর নির্মাণে বাধা দিলে আগ থেকেই মেরে ফেলার হুমকি দেয় প্রতিপক্ষের লোকজন। বাধা দেওয়ার কিছু সময় পর তারা আমাদের বাড়িতে ফেলে বাবাকে খুন করে।’