সীমানা মুছে একাকার হয়ে গিয়েছিল দুই বাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই পারে অস্ত্র হাতে মুখোমুখি বিডিআর-বিএসএফ। সীমান্তবাসীর কাছে এ দৃশ্য নিত্যদিনের। কিন্তু সাতক্ষীরা সীমান্তের মানুষের কাছে গতকাল রোববারের দিনটি ছিল অন্য রকম। সীমানা মুছে কয়েক ঘণ্টার জন্য একাকার হয়ে গিয়েছিল দুই বাংলা। ছিল না বিডিআর-বিএসএফের চোখ রাঙানি।গতকাল বিজয়া দশমীতে দুর্গা প্রতিমা বিসর্জন উপলক্ষে সীমান্ত নদী ইছামতীতে জড়ো হয়েছিল দুই বাংলার হাজার হাজার মানুষ। নদী দখল করে রেখেছিল বাংলাদেশ-ভারতের কয়েক হাজার রকমারি নৌকা আর ট্রলার। সাতক্ষীরার দেবহাটা উপজেলা সীমান্তে ইছামতী নদীর দুই তীরে কয়েক কিলোমিটারজুড়ে বসেছিল দুই বাংলার মানুষের মিলনমেলা।এলাকার প্রবীণ ব্যক্তিরা জানান, দেশ বিভাগের অনেক আগে থেকেই ইছামতীর উভয় তীরে বিজয়া দশমীতে মেলা বসে আসছে। দেশ বিভাগের পরও বাধা হয়ে দাঁড়ায়নি সীমান্ত রেখা। শুধু ইছামতীর পারের মানুষ নয়, বাংলাদেশ ও ভারতের বিভিন্ন এলাকার মানুষ সারা বছর ধরে এ দিনটির অপেক্ষায় থাকে। সীমান্ত পেরিয়ে আত্মীয়স্বজনের সঙ্গে দেখা-সাক্ষাৎ ছাড়াও কেনাকাটা করে সন্ধ্যার পর ফিরে যায় যে যার দেশে।দেবহাটা উপজেলা সদর, টাউনশ্রীপুর ও ভাতশালা এলাকা ঘুরে দেখা গেছে, দুই দেশ চিরে উত্তর-দক্ষিণে বয়ে যাওয়া ইছামতীর কয়েক কিলোমিটারজুড়ে ভেসে বেড়াচ্ছে শুধু নৌকা আর নৌকা। কোনো নৌকায় প্রতিমা ও মানুষ। কোনো নৌকায় শুধু মানুষ। নদীতে বাংলাদেশের জলসীমানা টহল দিচ্ছে বিডিআরের স্পিডবোট আর ভারতের জলসীমানায় টহল দিচ্ছে বিএসএফের স্পিডবোট। নদীর উভয় পাড়ে পাহারায় আছেন দুই দেশের আইনপ্রয়োগকারী সংস্থার সদস্যরা। নদীর তীরে দাঁড়িয়ে আনন্দ উপভোগ করছে লাখো মানুষ।সকাল থেকে ভ্যান, ইঞ্জিন-ভ্যান, ট্রলি, নছিমন, করিমন, মোটরসাইকেল, মাইক্রো, প্রাইভেট কার, ইজি-বাইক, ট্রাক, বাস ও মিনি ট্রাকে করে দেশের বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মানুষ আসতে থাকে নদীর তীরে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে মানুষের ঢল। সন্ধ্যার দিকে নদীর দুই তীরে তিল ধারণের জায়গা ছিল না।টাউনশ্রীপুরে নদীর তীরে দাঁড়িয়ে দৃশ্য উপভোগ করছিলেন স্থানীয় সাবেক সাংসদ মুনছুর আহম্মেদ, দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা, সাতক্ষীরা পৌরসভার মেয়র শেখ আশরাফুল হক, সাতক্ষীরা ৪১ রাইফেল ব্যাটালিয়নের অপারেশন অফিসার মেজর জাহাঙ্গীর আলম, মেজর মনিরুজ্জান ও দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা কালাচাঁদ সিংহ। ভারত থেকে আসা লোকজনকে তাঁরা হাত নেড়ে শুভেচ্ছা জানান।ভারতের বশিরহাট গ্রামের মাটিয়া গ্রামের শাহাজান আলী, কার্তিক ঘোষ ও আনন্দ জানান, দীর্ঘ এক যুগের বেশি সময় ধরে তাঁরা এই দিন টাউনশ্রীপুরে আসেন। এক অন্য রকম অনূভূতি। কেন এসেছেন জানতে চাইলে কলকাতার শিয়ালদার অরুণ মুখার্জি বলেন, ‘আসি নাড়ির টানে। একসময় আমাদের বাড়ি ছিল নড়াইল শহরে। ’৪৭ সালে দেশ বিভাগের সময় বাবা চলে যান ভারতে। এখনো আত্মীয়স্বজন আছে বাংলাদেশে। এ সুযোগে তাদের সঙ্গে দেখা হয়।’দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল বারী মোল্লা জানান, দীর্ঘদিন ধরে উভয় দেশের হিন্দু সম্প্রদায় ইছামতীতে প্রতিমা বিসর্জন দেয়। এতে অংশ নেয় দুই দেশের হিন্দু-মুসলিম লাখো মানুষ। ধর্মীয় অনুভূতিতে আঘাত হানতে পারে—এ চিন্তা করে এই দিনে সীমান্তে কোনো বাধা দেওয়া হয় না।