সীমানা সমস্যার ওপর জোর দিয়েছে কনোকো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রীয় তেল-গ্যাস ও খনিজসম্পদ করপোরেশন-পেট্রোবাংলার সঙ্গে আলোচনায় আমেরিকান কোম্পানি কনোকো ফিলিপস গ্যাসক্ষেত্রগুলোর সীমানা নিয়ে প্রতিবেশী ভারত ও মিয়ানমারের আপত্তির বিষয়ে বিশেষভাবে জোর দিয়েছে। সমুদ্রসীমায় তেল-গ্যাস অনুসন্ধানে উত্পাদন অংশীদারি চুক্তি (পিএসসি) স্বাক্ষরের প্রক্রিয়ায় গতকাল সোমবার এই আলোচনা অনুষ্ঠিত হয়।সরকারি সূত্র জানিয়েছে, আলোচনায় কনোকোর প্রতিনিধিরা বলেছেন, যে দুটি গ্যাসক্ষেত্রে কাজ করার জন্য তাদের সঙ্গে পিএসসি স্বাক্ষর করার প্রক্রিয়া চলছে (গভীর সমুদ্রের ১০ ও ১১ নম্বর) সেই দুটিরই সীমানা রেখা নিয়ে আন্তর্জাতিক বিরোধ রয়েছে। এ ধরনের বিরোধপূর্ণ রেখা ধরে কোনো গ্যাসক্ষেত্রে জরিপ চালানো কারিগরিভাবে সম্ভব নয়।অপরদিকে পেট্রোবাংলার পক্ষ থেকে বলা হয়েছে, ভারত ও মিয়ানমারের দাবি করা এলাকা বাদ দিয়ে অনুসন্ধানের শর্ত আলোচনা শুরুর আগেই বলা হয়েছে। সেই শর্ত মেনেই কনোকো ফিলিপস পিএসসি স্বাক্ষরের লক্ষ্যে গত বছর ৫-৮ অক্টোবর আলোচনা শুরু করেছিল। এখন নতুন করে এ ব্যাপারে কিছু বলার নেই।সভার একটি সূত্র জানায়, পেট্রোবাংলা দেশে গ্যাসের অব্যাহত চাহিদা বৃদ্ধির বিষয় উল্লেখ করে কনোকো ফিলিপসকে অনুরোধ করেছে, যত তাড়াতাড়ি সম্ভব পিএসসি স্বাক্ষরের প্রক্রিয়া শেষ করে কাজ শুরু করতে। তবে এ বিষয়েও সংশ্লিষ্ট সবাই একমত যে সমুদ্রসীমায় তেল-গ্যাস অনুসন্ধান চালাতে হলে প্রতিবেশী দুই দেশের সঙ্গে দ্রুতই বিরোধ মীমাংসা কিংবা সমঝোতা করতে হবে।গতকালের আলোচনার বিষয় জানতে চাইলে পেট্রোবাংলার চেয়ারম্যান অধ্যাপক হোসেন মনসুর প্রথম আলোকে বলেন, ইতিবাচক আলোচনা হয়েছে। কোনো বিষয়েই তাদের (কনোকো ফিলিপসের) নেতিবাচক মনোভাব দেখা যায়নি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা তাদের কোনো গ্যাস ক্ষেত্রের অমীমাংসিত সীমানায় কাজ করার অনুমতি দেব না।’