সীমানাদেয়াল ধসে শ্রমজীবী স্কুলছাত্রের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রবিউল আউয়াল
রবিউল আউয়াল

রাজধানীর ভাটারা থানার নূরেরচালা এলাকায় গতকাল মঙ্গলবার সকালে নির্মাণাধীন একটি মার্কেটের সীমানাদেয়াল ধসে রবিউল আউয়াল (১৭) নামের এক স্কুলছাত্র মারা গেছে। সে ভাটারায় রাজধানী পাইলট উচ্চবিদ্যালয়ে অষ্টম শ্রেণিতে পড়ার পাশাপাশি পত্রিকা বিক্রি করত।
পুলিশ ও নিহত ছাত্রের পারিবারিক সূত্র জানায়, রবিউল সপরিবারে নূরেরচালার বোটঘাট এলাকায় কেরামত আলীর টিনের ঘরে ভাড়া থাকত। গতকাল সকালে সে বাসা থেকে পত্রিকা বিক্রি করতে বের হয়। সকাল ১০টার দিকে রাস্তার পাশে একটি নির্মাণাধীন মার্কেটের সীমানাদেয়াল ধসে পড়ে। এর নিচে চাপা পড়ে রবিউল। আশপাশের লোকজন ইট-সুরকির নিচ থেকে তার লাশ উদ্ধার করে। পরে ভাটারা থানার পুলিশ লাশটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
ঘটনা তদন্তকারী কর্মকর্তা ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) জিয়াউদ্দিন প্রথম আলোকে বলেন, লোকমান মিয়া নামের এক ব্যক্তি মার্কেট নির্মাণের জন্য ট্রাকে বালু এনে দেয়ালের ভেতরের দিকে রাখেন। রবিউল ওই নির্মাণাধীন মার্কেটের সামনে দিয়ে যাচ্ছিল। বালুর চাপে হঠাৎ দেয়াল ধসে তার ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই রবিউলের মৃত্যু হয়।
লোকমান মিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাঁকে পাওয়া যায়নি।
রবিউলের বাবা ডেংগু ভূঁইয়া রিকশাচালক ও মা সালেমা খাতুন গৃহকর্মীর কাজ করেন। স্বজনেরা জানান, ছেলেকে হারিয়ে তার মা-বাবা কয়েকবার মূর্ছা যান। দুই ভাই ও এক বোনের মধ্যে রবিউল দ্বিতীয় ছিল।
ঢাকা মেডিকেল কলেজ মর্গে রবিউলের দুই ফুফা মোস্তাক আহমেদ ও শফিকুল ইসলাম বলেন, রবিউল স্কুলে যাওয়ার আগে প্রতিদিনের মতো গতকালও পত্রিকা বিক্রি করতে বের হয়েছিল। অষ্টম শ্রেণিতে তার রোল নম্বর ছিল ১।
রবিউলকে হারিয়ে তারা মা-বাবা বিলাপ করে বলেন, ‘ছেলেকে নিয়ে আমাদের সব আশা-ভরসা লোকমান কেড়ে নিল। এখন আমরা কী নিয়ে বাঁচব।’
ময়নাতদন্ত শেষে রবিউলের লাশ দাফনের জন্য স্বজনেরা কিশোরগঞ্জের ইটনা উপজেলার রাজি গ্রামে নিয়ে গেছেন।
সন্ধ্যায় যোগাযোগ করা হলে পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার মোশতাক আহেমদ বলেন, রবিউলের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে মামলা হিসেবে গ্রহণ করা হবে।