রাজধানীর শাহবাগে গতকাল বুধবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) পার্কিংয়ের পূর্ব দিকের সীমানাদেয়াল ধসে এক নারী নিহত এবং চার ব্যক্তি আহত হয়েছেন। নিহত নারীর নাম পারভীন আক্তার (৩০)।
আহত চারজন হলেন শাহবাগ থানার সহকারী উপপরিদর্শক জাহিদুল ইসলাম (২৫), বিএসএমএমইউর নার্স অন্তরা বেগম (২০), আনসার সদস্য নুরুল ইসলাম (২৮) এবং পথচারী রুহুল আমিন বিশ্বাস (২৮)। তাঁদের বিএসএমএমইউতে ভর্তি করা হয়েছে। হতাহত ব্যক্তিরা ওই দেয়ালসংলগ্ন ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন।
এ ঘটনায় বিএসএমএমইউ কর্তৃপক্ষ প্রতিষ্ঠানটির প্রধান প্রকৌশলী এ টি এম হাবিবুর রহমানকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র বলেছে, গতকাল বিকেল সোয়া পাঁচটার দিকে শেরাটন হোটেলের উল্টো পাশে বিএসএমএমইউর পার্কিংয়ের পূর্ব দিকের সীমানাদেয়ালের একাংশ হঠাৎ ধসে ফুটপাতে পথচারীদের ওপর পড়ে। চাপা পড়া ব্যক্তিদের চিৎকারে অন্য পথচারীরা রক্তাক্ত অবস্থায় পুলিশের সহকারী উপপরিদর্শক জাহিদুল, অন্তরা বেগম, নুরুল ইসলাম, পারভীন আক্তার ও রুহুল আমিনকে উদ্ধার করে বিএসএমএমইউর জরুরি অর্থোপেডিক বিভাগে নিয়ে যান। অবস্থার অবনতি হলে পারভীন ও জাহিদুলকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। সেখানে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে পারভীনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশ ও অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অপরাধ শনাক্তকরণ দল ঘটনাস্থলে যায়। খবর পেয়ে বিএসএমএমইউর উপাচার্য কামরুল হাসান খান ও একদল চিকিৎসক হাসপাতালে যান।
হাসপাতাল সূত্র বলেছে, বিএসএমএমইউতে চিকিৎসাধীন এক আত্মীয়কে দেখার জন্য পারভীন মহাখালীর বাসা থেকে সেখানে যাচ্ছিলেন।
বিএসএমএমইউর উপাচার্য কামরুল হাসান খান প্রথম আলোকে বলেন, পারভীন মাথায় গুরুতর আঘাত পেয়েছিলেন। আইসিইউতে থাকা জাহিদুলের পায়ের হাড় ফেটে গেছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক নয়।
সন্ধ্যায় হাসপাতালের জরুরি অর্থোপেডিক বিভাগে গিয়ে দেখা যায়, চিকিৎসাধীন নার্স অন্তরা, নুরুল ইসলাম ও রুহুলের হাতে-পায়ে ব্যান্ডেজ। অন্তরার বাঁ পায়ের হাড় ভেঙে গেছে। তিনি বলেন, বিএসএমএমইউতে কাজ শেষে বাসায় ফিরছিলেন। কিছু বুঝে ওঠার আগেই দেয়াল ধসে পড়ে। আনসার সদস্য নুরুল ইসলাম বলেন, তিনি হেঁটে শাহবাগের দিকে যাচ্ছিলেন। রুহুল বলেন, তাঁর কোমর থেকে নিচের অংশ চাপা পড়ে।
সরেজমিনে দেখা যায়, সাবেক শেরাটন হোটেলের উল্টো পাশে বিএসএমএমইউর গাড়ি পার্কিংয়ের স্থান। সামনের অংশের ছয় ফুটের মতো উঁচু সীমানাদেয়াল পার্কিংয়ের ফটক পর্যন্ত ফুটপাতের ওপর পড়ে আছে। বিএসএমএমইউর উপাচার্য বলেন, কিছুদিন ধরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন বিএসএমএমইউর সীমানাদেয়ালের ফুটপাত ঘেঁষে খোঁড়াখুঁড়ি করছিল। এতে দেয়াল হেলে গিয়ে ঝুঁকিতে ছিল। বিকেলে কিছু অংশ ধসে পড়ার পর প্রাণহানির আশঙ্কায় ঝুঁকিতে থাকা দেয়ালের বাকি অংশ ভেঙে ফেলা হয়েছে।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পুরো দেয়াল ধসে পড়লে আরও বেশি হতাহতের ঘটনা ঘটত।