সীমানাপিলার স্থাপনের কাজ বন্ধ রাখতে চিঠি
বরগুনা নৌবন্দরের জমি হুকুম দখল প্রক্রিয়ায় অনিশ্চয়তা দেখা দিয়েছে। গত ১৭ ডিসেম্বর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) চিঠি দিয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষকে (বিআইডব্লিউটিএ) বরগুনা নৌবন্দরের জন্য নতুন সীমানাপিলার স্থাপনের কাজ বন্ধ রাখার চিঠি দিয়েছেন। এ নিয়ে দুই দপ্তরের মধ্যে মতবিরোধ চলছে।
বিআইডব্লিউটিএ সূত্র জানায়, ২০০৪ সালের ১৩ অক্টোবর রাষ্ট্রপতির আদেশক্রমে নৌপরিবহন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব মানিক চন্দ্র দে বরগুনা নৌবন্দরের অনুকূলে খাকদোন নদের সীমানা নির্ধারণসংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেন। প্রজ্ঞাপন জারির পর ভূমি মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব জুলফিকার হায়দার ২০০৬ সালের ৮ অক্টোবর জেলা প্রশাসককে বরগুনা নৌবন্দরের ঘোষিত ১ নম্বর খাস খতিয়ানভুক্ত খাজুরতলা, কুমড়াখালী, পোটকাখালী, ক্রোক মৌজার ১৫ দশমিক ৪৭৮ একর তীরভূমি বিআইডব্লিউটিএকে হস্তান্তরের জন্য চিঠি দেন। ওই চিঠির পরিপ্রেক্ষিতে ২০০৮ সালের ৫ জুন তৎকালীন বরগুনা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাজিবুল ইসলাম বিআইডব্লিউটিএর অনুকূলে বন্দোবস্তকৃত ভূমির সেলামি পরিশোধের জন্য চিঠি দিলে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ তা পরিশোধ করে। পরবর্তী সময়ে উভয় পক্ষ জরিপ করে উল্লিখিত জমির নকশা তৈরি করে। ২০০৮ সালের ২৬ নভেম্বর রাজিবুল ইসলাম ও বিআইডব্লিউটিএর পক্ষে মো. শহীদুল্লাহ একটি চুক্তি সই করেন।
বিআইডব্লিউটিএ সূত্র জানায়, তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৯ ডিসেম্বর খাকদোন নদের দক্ষিণ পারের তীরভূমির সীমানাপিলার স্থাপনের কাজ শুরু হয়। উপজেলা ভূমি কার্যালয়ের জরিপকারী (সার্ভেয়ার) আবদুর রাজ্জাক খাকদোন নদের দক্ষিণ পারের ক্রোক থেকে চরকলোনি সেতু পর্যন্ত সীমানাপিলার স্থাপন করে দেন। এরপর ১৭ ডিসেম্বর বরগুনা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আবদুল্লাহ বিআইডব্লিউটিএর বরগুনা নৌবন্দরের কর্মকর্তাকে চিঠি দিয়ে সীমানাপিলার স্থাপন বন্ধ রাখতে বলেন।
সরেজমিনে দেখা যায়, নদের দক্ষিণ পারে চরকলোনি সেতু থেকে ক্রোক পর্যন্ত বিআইডব্লিউটিএর নির্ধারিত সীমানায় প্রায় দুই হাজার স্থাপনা রয়েছে। জেলা প্রশাসক কার্যালয়ের কয়েকজন কর্মচারী, ব্যবসায়ী ও রাজনৈতিক নেতারা এসব জমি দখল করে আছেন বলে জানা গেছে। এদের মধ্যে কয়েকজনের অস্থায়ী বন্দোবস্ত থাকলেও বেশির ভাগেরই বন্দোবস্ত নেই। ২০১২ সালে ৬ মে নদীবন্দরের পশ্চিম পাশে কাঠপট্টি এলাকার নদের মাঝ বরাবর প্রায় এক একর জমি ভরাট করে ক্ষুদ্র কাঠ ব্যবসায়ী সমিতির নামে বন্দোবস্ত দেয় উপজেলা ভূমি কার্যালয়।
মুহাম্মদ আবদুল্লাহ বলেন, ‘২০০৮ সালে শর্ত সাপেক্ষে ওই জমি বিআইডব্লিউটিএকে বন্দোবস্ত দিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছিল। এতে শর্ত ছিল, নদী ভরাট হয়ে গেলে সেই জমি রাজস্ব বিভাগকে ফেরত দিতে হবে। কিন্তু দীর্ঘদিন তারা (বিআইডব্লিউটিএ) খোঁজ-খবর নেয়নি। এবার এসে আবার যখন তারা জমির সীমানা নির্ধারণ করে দিতে বলে, আমরা তা দিই। কিন্তু এত দিনে ভরাট হয়ে নদীর অবস্থান আর পুরোনো নকশা অনুযায়ী নেই। সে জন্য শর্ত অনুযায়ী ভরাট হওয়া জমি আমরা হাটের অনুকূলে অস্থায়ী বরাদ্দ দিয়েছি। সেই জমিতে পিলার না বসানোর জন্য আমি চিঠি দিয়েছি।’
প্রাথমিকভাবে ২০ শতক জমির ওপর দোতলা ভবন ও একটি বড় আকারের পন্টুন নির্মাণ করে ২০১২ সালের ৭ ডিসেম্বর নৌবন্দরটি আনুষ্ঠানিক উদ্বোধন করেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। পরবর্তী সময়ে এক কোটি ২০ লাখ টাকা ব্যয়ে বন্দরের পার্কিং ইয়ার্ড ও আধুনিক পন্টুন স্থাপনসহ অন্যান্য কাজ হওয়ার কথা থাকলেও দুই বছরেও বন্দরটি পূর্ণতা পায়নি।