সীমানাপ্রাচীর ও গতিরোধক না থাকায় ঝুঁকিতে শিশুরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফুলবাড়ীর পূর্ব বাজিতপুর গুঞ্জন স্বনির্ভর গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোনো সীমানাপ্রাচীর ও সামনের সড়কে গতিরোধক নেই। এতে ঝুঁকি নিয়ে শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসা-যাওয়া করছে। গত বৃহস্পতিবার তোলা ছবি l প্রথম আলো
ফুলবাড়ীর পূর্ব বাজিতপুর গুঞ্জন স্বনির্ভর গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোনো সীমানাপ্রাচীর ও সামনের সড়কে গতিরোধক নেই। এতে ঝুঁকি নিয়ে শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসা-যাওয়া করছে। গত বৃহস্পতিবার তোলা ছবি l প্রথম আলো

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ফুলবাড়ী-পার্বতীপুর সড়কের পাশে পূর্ব বাজিতপুর গুঞ্জন স্বনির্ভর গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় অবস্থিত। এই বিদ্যালয়ে কোনো সীমানাপ্রাচীর ও বিদ্যালয়ের সামনে কোনো গতিরোধক নেই। এতে ঝুঁকি নিয়ে শিক্ষার্থীরা সড়কের ওপর দিয়ে বিদ্যালয়ে আসা-যাওয়া করছে।
এদিকে গত পাঁচ বছরে এই সড়কে দুর্ঘটনায় পাঁচজন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, ১৯৯১ সালে উপজেলার শিবনগর ইউনিয়নের পূর্ব বাজিতপুরে এই বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। এই বিদ্যালয়ে বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা ২৮৫ ও শিক্ষক রয়েছেন চারজন।
গত বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, বিদ্যালয়ের পূর্ব দিক দিয়ে ফুলবাড়ী-পার্বতীপুর সড়ক। বিদ্যালয়ের সামনে একটি বড় খেলার মাঠ। প্রাক্-প্রাথমিকের পাঠদান শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই শিক্ষার্থীরা ছোটাছুটি করে সড়ক পার হয়ে নিজ নিজ বাড়িতে যাচ্ছে। বেলা দেড়টায় টিফিনের সময়ও শিক্ষার্থীরা এভাবেই সড়ক পার হয়ে বাড়িতে যাওয়া-আসা করছে। যেসব শিশু বিদ্যালয়ে টিফিন করছে, তারা মাঠে ক্রিকেট ও ফুটবল খেলছে। মাঠ থেকে বারবার ক্রিকেট বল ও ফুটবল সড়ক পার হওয়ায় সেগুলো নিতে শিক্ষার্থীরা ঝুঁকি নিয়ে সড়ক পারাপার হচ্ছে। বিদ্যালয়ের সামনে এ সড়কে কোনো গতিরোধক নেই। নেই কোনো সতর্কীকরণ চিহ্ন। বেপরোয়াভাবে সড়ক দিয়ে চলছে বাস, মোটরসাইকেল, অটোরিকশা, ভটভটিসহ বিভিন্ন ধরনের যানবাহন।
অভিভাবক একরামুল হক, রতন হোসেন, রাবেয়া খাতুন ও আকলিমা পারভিন বলেন, প্রাথমিক বিদ্যালয়ের শিশুরা চঞ্চল প্রকৃতির। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে বিদ্যালয়টির সীমানাপ্রাচীর নির্মাণ করা জরুরি। সেই সঙ্গে বিদ্যালয়ের সামনের সড়কে গতিরোধক থাকাও দরকার। সীমানাপ্রাচীর ও গতিরোধক না থাকায় বাচ্চারা কখন যে ছোটাছুটি করে সড়কে চলে আসে, সে আতঙ্কে সব সময় থাকতে হয়।
সহকারী শিক্ষক পুষ্পা রানী গুপ্তা প্রথম আলোকে বলেন, ‘ঝুঁকি এড়াতে শিক্ষার্থীদের পাঠদান শুরুর পর বিদ্যালয়ের গেট তালাবদ্ধ করা হয়। এ বয়সের এতগুলো শিশুকে সব সময় তো চোখে চোখে রাখা সম্ভব হয় না। সড়কের ধারে বিদ্যালয়টিতে সীমানাপ্রাচীর থাকলে তাঁরা একটি নির্দিষ্ট গেট দিয়ে শিশুদের চলাচল করাতেন। এতে ঝুঁকি কম হতো।’
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সৈয়দ মোমিনুল হক বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য সীমানাপ্রাচীর ও সড়কে গতিরোধক নির্মাণের বিষয়ে তিনি উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়কে একাধিকবার লিখিতভাবে জানিয়েছেন। কিন্তু এ ব্যাপারে এখনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কোনো উদ্যোগ নেয়নি।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোছাম্মৎ হাসিনা ভুইয়া বলেন, সড়কের পাশে অবস্থিত বিদ্যালয়গুলোতে সীমানাপ্রাচীর ও সড়কে গতিরোধক নির্মাণে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানিয়েছেন।