সীমানাপ্রাচীর না থাকায় বেদখল হয়ে যাচ্ছে জমি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উত্তর দিকে কোনো সীমানাপ্রাচীর না থাকায় বেদখল হয়ে যাচ্ছে অধিকাংশ জমি। সীমানাপ্রাচীর না থাকায় বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তা মারাত্মক হুমকির মুখে রয়েছে। তবে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব জমি বেদখল হয়ে গেলেও এসব জমি উদ্ধারে যথাযথ কোনো ব্যবস্থা নিচ্ছে না কর্তৃপক্ষ।বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তাদের সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের ৩২০ একর জমি দুই ধাপে অধিভুক্ত করা হয়। প্রথম পর্যায়ে অধিভুক্ত করা হয় ১৯৮৬-৮৭ সালে এবং দ্বিতীয় পর্যায়ে অধিভুক্ত করা হয় ১৯৯০-৯১ সালে। সর্বশেষ অধিভুক্তির পর ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় বিশ্ববিদ্যালয়ের জায়গা নিজস্ব সীমানাখুঁটি দিয়ে চিহ্নিত করার উদ্যোগ নেওয়া হয়। তখন দক্ষিণ, পূর্ব ও পশ্চিম দিকের পুরো অংশ চিহ্নিত করা হলেও উত্তর দিকের অধিকাংশ জমি সীমানাখুঁটি দিয়ে চিহ্নিত করা হয়নি। এমনকি ওই দিকে কোনো সীমানাপ্রাচীরও নির্মাণ করেনি কর্তৃপক্ষ।সরেজমিনে দেখা গেছে, বিশ্ববিদ্যালয়ের উত্তর দিকে রয়েছে সৈয়দ মুজতবা আলী হল। এ হলের ১০০ গজ উত্তর দিকে বিশ্ববিদ্যালয়ের জায়গায় দুটি বাড়ি তৈরি করা হয়েছে। ঠিক একইভাবে পশ্চিম দিকে টিওরবাড়ী এলাকা, উত্তর দিকে টিলাগাঁও এবং উত্তর-পূর্ব দিকের আখালিয়া বড়গুল এলাকায় বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু জায়গা বেদখল হয়েছে। স্থানীয় লোকজন বেশ কয়েকটি স্থাপনা ও টয়লেট তৈরি করে এসব জায়গা দখল করে রেখেছে।বিশ্ববিদ্যালয়ের উত্তর-পূর্ব দিকের গ্রামের নাম আখালিয়া বড়গুল। বড়গুল ১ নম্বর মা মঞ্জিল এবং ২ নম্বর রিপন লজের প্রায় ৬০ শতাংশ জায়গা বিশ্ববিদ্যালয়ের সীমানা আলাদা করে দেওয়া পিলারের ভেতরে ঢুকে পড়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। তবে রিপন লজের স্বত্বাধিকারী নূরে আলম বলেন, ‘বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একতরফাভাবে পিলার দিয়ে আমার অনেক জায়গা বিশ্ববিদ্যালয়ের বলে চিহ্নিত করেছে। প্রকৃতপক্ষে আমিই বাড়ির বৈধ মালিক।’অন্যদিকে মা মঞ্জিলের স্বত্বাধিকারী শামিম আহমদ বলেন, ‘আমার বাবা শহীদুল ইসলাম জায়গাটি কিনেছিলেন। তিনি ১৩ বছর আগে মারা গেছেন। আমি কাগজপত্র ঘেঁটে যতটুকু জেনেছি, তাতে মনে করি জায়গাটি আমার। তত্ত্বাবধায়ক সরকারের আমলে বিশ্ববিদ্যালয় তার সীমানা নির্ধারণের জন্য পিলার বসিয়ে গেছে। পিলারের ভেতরে তো অনেকের জায়গাই আছে। আমাদের কখনো বলেনি জায়গাটি বিশ্ববিদ্যালয়ের।’ওই এলাকা ঘুরে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের শেষ সীমানা হচ্ছে টিওরগাঁও এলাকা। ওই সীমানায় বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা বসবাস করছেন। সীমানাপ্রাচীর না থাকায় বিশ্ববিদ্যালয় এলাকায় গবাদিপশু অনায়াসে ঢুকে পড়ছে। এ ছাড়া ওই এলাকার পাশে সম্প্রতি সৈয়দা সিরাজুন্নেছা চৌধুরী ছাত্রী হল নামে নতুন ছাত্রী হল চালু হয়েছে। কোনো ধরনের সীমানাপ্রাচীর না থাকায় ওই হলের ছাত্রীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে আবাসিক ছাত্রীরা জানিয়েছেন।বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষক ও শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের দিকে সামান্য জায়গা ছাড়া পুরো বিশ্ববিদ্যালয়ে সীমানাপ্রাচীর না থাকায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতর ছিনতাইকারীদের উপদ্রব রয়েছে। ফলে সন্ধ্যার পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ বেড়াতে আসা দর্শনার্থীরা ছিনতাইকারীদের কবলে পড়ছে। সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে বলে তারা জানিয়েছে।ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী রকিবুল আমীন বলেন, বিশ্ববিদ্যালয়ের উত্তর দিকের প্রায় সব কটি স্থানে প্রায়ই ছিনতাই হয়। সীমানাপ্রাচীর ও রাতের বেলা পর্যাপ্ত আলোর ব্যবস্থা থাকলে ছিনতাই প্রতিরোধ করা যেত।সমাজবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তর শ্রেণীর শিক্ষার্থী সোহানুর রহমান জানান, সীমানাপ্রাচীর না থাকায় প্রায়ই বহিরাগত ছিনতাইকারীরা সহজেই বিশ্ববিদ্যালয় এলাকায় ঢুকে শিক্ষার্থী ও দর্শনার্থীদের সর্বস্ব লুটে নিয়ে যায়।বিশ্ববিদ্যালয়ের ভূমি দেখভালের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন জানান, ওই দুটি বাড়ির জায়গা চিহ্নিতকরণ নিয়ে জটিলতা থাকায় বিষয়টি নিষ্পত্তি করা সম্ভব হচ্ছে না। সীমানাপ্রাচীর নির্মাণ করা হলে ছিনতাই প্রতিরোধ সম্ভব জানিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিমাদ্রী শেখর রায় প্রথম আলোকে বলেন, ‘আমি সবেমাত্র দায়িত্ব নিয়েছি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে শিগগির যাতে সীমানাপ্রাচীর নির্মাণ করার উদ্যোগ নেওয়া হয়, সে চেষ্টা করব।’