সীমানাপ্রাচীর নেই, ঝুঁকিতে শিক্ষার্থী

বিদ্যালয়ের পূর্ব পাশ ঘেঁষে নদী। পশ্চিম পাশে সড়ক। নেই কোনো সীমানাপ্রাচীর। বিদ্যালয়ের মাঠে ছোট শিশুরা ছোটাছুটি করতে করতে কেউ যাচ্ছে নদীর ধারে, কেউ যাচ্ছে সড়কে। শিক্ষকেরা শিশুদের নদী ও সড়কের কাছে যেতে নিষেধ করছেন। এরপরও তারা তা মানছে না। এভাবে আতঙ্ক ও ঝুঁকির মধ্যে চলছে দিনাজপুরের হাকিমপুর পৌর শহরের ইসমাইলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, ১৯৯১ সালে তুলসীগঙ্গা নদীর পশ্চিম দিকে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। বিদ্যালয়টিতে বর্তমানে ৭১ জন শিক্ষার্থী রয়েছে।
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, বিদ্যালয় মাঠে ও ভরা নদীর ধারে ছোট ছোট শিশুরা খেলা করছে। বিদ্যালয়ের বারান্দা থেকে একজন শিক্ষক অনবরত শিশুদের নদীর ধার থেকে চলে আসতে বলছেন। তবুও শিশুরা খেলেই চলছে। বিদ্যালয় ও মাঠ থেকে নদীটি ঢালু। অসতর্কতায় কেউ পিছলে গেলেই সরাসরি নদীতে পড়বে। বিদ্যালয়ের পশ্চিম পাশ দিয়ে মোল্লা বাজার থেকে হিলি যাওয়ার পাকা সড়ক।
অভিভাবক নজরুল ইসলাম বলেন, ‘স্কুলের ধারোত নদী। ওয়াল-বেড়া কিচ্ছু নাই। ছোলটা স্কুলোত আসলেই টেনশন নাগে।’
সহকারী শিক্ষক প্রণব কুমার মণ্ডল বলেন, ‘নদীর ধারেই রয়েছে টয়লেট। টয়লেটে যেতে গিয়েও শিক্ষার্থীরা নদীতে পড়তে পারে। এ কারণে স্কুল চলার সময় শিক্ষকদের প্রতিনিয়ত চিন্তায় থাকতে হয়।’
জানতে চাইলে প্রধান শিক্ষক যোগেন্দ্র নাথ প্রথম আলোকে বলেন, বিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে সীমানাপ্রাচীর দেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বহুবার মৌখিক ও লিখিতভাবে জানিয়েছেন। কিন্তু কোনো কাজ হয়নি। তবে হাকিমপুর পৌর মেয়র জামিল হোসেন বলেন, বিদ্যালয় কর্তৃপক্ষ কখনো এ বিষয়ে পৌরসভাকে কিছু জানায়নি। শিশুদের নিরাপত্তার স্বার্থে প্রয়োজনীয় যা কিছু করা প্রয়োজন পৌরসভার পক্ষ থেকে তা করা হবে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মাযহারুল ইসলাম বলেন, ‘সীমানাপ্রাচীর সাধারণত মহাসড়কের পাশে দেওয়ার জন্য বরাদ্দ থাকে। তবে শিশুদের নিরাপত্তার জন্য ওই বিদ্যালয়ে বাঁশের বেড়ার ব্যবস্থা করা হবে।’