সীমানাপ্রাচীর নেই, ঝুঁকিতে ৫০০ শিক্ষার্থী
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার কলতাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের পাশে অবস্থিত। এ বিদ্যালয়ের কোনো সীমানাপ্রাচীর নেই। শিক্ষার্থীরা খেলাধুলা করতে গিয়ে মাঝেমধ্যেই সড়কে উঠে পড়ে। এতে দুর্ঘটনার আশঙ্কা থাকে।
বিদ্যালয় ও স্থানীয় সূত্র জানায়, কলতাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বর্তমানে ৪৯৬ জন শিক্ষার্থী রয়েছে। এই শিশুরা ক্লাসের ফাঁকে বিদ্যালয়ের মাঠে খেলাধুলা করে। এদের অনেকেই হঠাৎ দৌড়ে সড়কে উঠে পড়ায় তারা দুর্ঘটনার কবলে পড়ে। কারণ এ সড়ক দিয়ে ময়মনসিংহ-কিশোরগঞ্জ, ময়মনসিংহ-চট্টগ্রাম, ময়মনসিংহ-সিলেট ও উত্তরবঙ্গের বিভিন্ন পথে বহু বাস ও ট্রাক চলাচল করে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনহর উদ্দিন জানান, ২০১২ সালের সেপ্টেম্বরে ফারহানা আক্তার নামে চতুর্থ শ্রেণীর এক শিক্ষার্থী সড়ক পার হতে গিয়ে বাসের চাপায় নিহত হয়। ওই দিনই বিদ্যালয়ের সামনে একটি গতিরোধক নির্মাণ করে ‘সওজ’। কিন্তু সীমানাপ্রাচীর না থাকায় শিশুরা যখন-তখন সড়কে উঠে পড়ে। সীমানাপ্রাচীরের প্রয়োজনীয়তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে।
উপজেলা প্রকৌশলী মো. শাহজাহান বলেন, বিদ্যালয়ের সীমানাপ্রাচীর নির্মাণের জন্য আবেদন করা হয়েছে। অনুমোদন পেলেই কাজ শুরু হবে।