দিয়াড় বাঘইল সরকারি প্রাথমিক বিদ্যালয়
সীমানাপ্রাচীর নেই, দুর্ঘটনার ঝুঁকিতে শিশু শিক্ষার্থীরা
শিক্ষার্থীরা মাঠে বল খেলছে। রাস্তায় চলে যায় বলটি। সেটি কুড়িয়ে আনার সময় বেপরোয়া গতির একটি সিএনজির ধাক্কায় মারাত্মক আহত হয়ে সংজ্ঞা হারায় চতুর্থ শ্রেণির ছাত্র সিয়াম হোসেন। দুই দিন পর রাজশাহীর একটি হাসপাতালে তার সংজ্ঞা ফিরে আসে। একইভাবে সাইকেলের ধাক্কায় আহত হয় পঞ্চম শ্রেণির ছাত্র সাদ্দাম আলী। প্রথম শ্রেণির ছাত্র মুসা আলী রাস্তায় আইসক্রিম কিনতে গিয়ে মোটরসাইকেলের ধাক্কায় আহত হয়। ঘটনাগুলো মাস ছয়েক আগের।
শুধু সিয়াম, সাদ্দাম ও মুসা নয়। এভাবে মাঝেমধ্যেই দুর্ঘটনার শিকার হচ্ছে পাবনার ঈশ্বরদীর পাকশী ইউনিয়নের দিয়াড় বাঘইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। রাস্তার পাশেই বিদ্যালয়টি অবস্থিত। কিন্তু বিদ্যালয়টি ঘিরে নেই কোনো সীমানাপ্রাচীর। তাই এখানকার ১৩০ শিক্ষার্থীকে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনার ঝুঁকি নিয়েই আসা-যাওয়া করতে হয়। ১৯৮৯ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত।
সিয়ামের বাড়ি পাকশীর দিয়াড় বাঘইল গ্রামে। বাবা আনোয়ার হোসেন কৃষিজীবী। সিয়াম বর্তমানে আবুল হোসেন উচ্চবিদ্যালয়ে পঞ্চম শ্রেণির ছাত্র। তার মা কনা খাতুন বলেন, বিদ্যালয়ে সীমানাপ্রাচীরের জন্য গত বছর সব শিশুর নিরাপত্তার কথা ভেবে দিয়াড় বাঘইল বিদ্যালয়ের মা সমাবেশে তিনি দাবি জানিয়েছিলেন। এর কয়েক দিন পরই সিয়াম সিএনজির ধাক্কায় আহত হয়।
শিক্ষকদের সূত্রে জানা যায়, বিদ্যালয়ের জায়গা ঘেঁষে যাওয়া রাস্তাটি ঈশ্বরদী শহরের ডাকঘর মোড় থেকে রূপপুরের টানেল মোড় পর্যন্ত গেছে। রাস্তাটি দিয়ে প্রতিদিন বালুবোঝাই ট্রাক্টরসহ শত শত যানবাহন চলাচল করে।
শিক্ষক আমিরুল ইসলাম বলেন, সীমানাপ্রাচীর না থাকায় শিশুরা যখন মাঠে খেলাধুলা বা চলাফেরার সময় অসাবধানতাবশত রাস্তার ওপর চলে আসে। এ জন্য কোনো না কোনো শিক্ষক বাচ্চাদের পাহারা দেয়। তারপরও সীমানাপ্রাচীর না থাকায় এ পর্যন্ত চারটি বড় দুর্ঘটনা ঘটে গেছে।
প্রধান শিক্ষক রহমত আলী বলেন, রাস্তার পাশে সীমানাপ্রাচীর নির্মাণ করা খুবই জরুরি। বিষয়টি তিনি বিদ্যালয় পরিচালনা কমিটিকে জানিয়েছেন।
পরিচালনা কমিটির সভাপতি সাইফুল ইসলাম বাবু মণ্ডল বলেন, রাস্তার পাশে বিদ্যালয়টির সীমানাপ্রাচীর নির্মাণের প্রয়োজনীয়তার কথা তিনি উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় ও স্থানীয় জনপ্রতিনিধিদের জানিয়েছেন। কিন্তু এখনো সীমানাপ্রাচীর নির্মাণের উদ্যোগ নেওয়া হয়নি।