সীমানাপ্রাচীরের অভাবে চালু হচ্ছে না ছাত্রীনিবাস
সীমানাপ্রাচীরের অভাবে পঞ্চগড়ের একমাত্র স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান মকবুলার রহমান সরকারি কলেজের (এমআর কলেজ) ছাত্রীনিবাসটি চালু হচ্ছে না। এতে ছাত্রীরা ভোগান্তির শিকার হচ্ছেন।
কলেজের শিক্ষক-শিক্ষার্থী সূত্রে জানা গেছে, এ কলেজে প্রায় সাড়ে চার হাজার ছাত্রছাত্রী রয়েছে। এর মধ্যে প্রায় দুই হাজার ছাত্রী স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে পড়াশোনা করছেন। শিক্ষা মন্ত্রণালয়ের স্নাতকোত্তর উন্নয়ন প্রকল্পের আওতায় ২০১২-১৩ অর্থবছরে চার কোটি টাকা ব্যয়ে ১০০ আসনবিশিষ্ট চারতলা একটি ছাত্রীনিবাস নির্মাণ করা হয়। ছাত্রীনিবাসের নির্মাণকাজ শেষ করে এক বছর আগে সেটি কলেজ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। কিন্তু ভবনটির চারপাশে কোনো সীমানাপ্রাচীর নির্মাণ করা হয়নি। তাই চারতলা এই ভবনটি এখনো কোনো কাজে আসছে না।
ইংরেজি বিভাগের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ছাত্রী মুক্তা জাহান বলেন, ‘আমি প্রায় ৫০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে প্রতিদিন কলেজে আসি। ছাত্রীনিবাস চালু হলে সেখানে থাকতে পারতাম। কিন্তু কবে চালু হবে জানি না।’
বাংলা বিভাগের স্নাতক (সম্মান) দ্বিতীয় বর্ষের ছাত্রী হালিমা খাতুন বলেন, ‘ছাত্রীনিবাস চালু হচ্ছে না বলে মেসে থাকছি।’
শিক্ষা প্রকৌশল অধিদপ্তর পঞ্চগড় অঞ্চলের সহকারী প্রকৌশলী জগদীশ চন্দ্র জানান, প্রকল্পে সীমানাপ্রাচীরের কোনো বরাদ্দ ছিল না। তাই সীমানাপ্রাচীর নির্মাণ করা হয়নি। বরাদ্দ পাওয়া গেলে সীমানাপ্রাচীর নির্মাণ করা হবে।
কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবদুল খালেক বলেন, ‘প্রকল্পে সীমানাপ্রাচীরের উল্লেখ ছিল না। আসবাবপত্রেরও বরাদ্দ ছিল না। তাই ইচ্ছে থাকা সত্ত্বেও আমরা এ মুহূর্তে ছাত্রীদের হোস্টেলের সুবিধা দিতে পারছি না। আশা করছি, কিছুদিনের মধ্যে সীমানাপ্রাচীরের নির্মাণের কাজ শুরু হবে।’