সীমানাপ্রাচীরের অভাবে ২০ একর জমি বেদখল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সীমানাপ্রাচীরের অভাবে সিলেটের প্রাচীন শিক্ষাপ্রতিষ্ঠান এমসি কলেজের জায়গা বেদখল হয়ে যাচ্ছে। বিষয়টি স্থানীয় প্রশাসন ও শিক্ষা মন্ত্রণালয়কে একাধিকবার লিখিতভাবে জানালেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। এ ছাড়া চারপাশ উন্মুক্ত থাকায় সন্ধ্যার পরপরই কলেজ ক্যাম্পাস বখাটে ও মাদকাসক্তদের আড্ডাখানায় পরিণত হয়।
কলেজ কর্তৃপক্ষ জানায়, ১৪৪ একর জায়গার ওপর কলেজটি প্রতিষ্ঠিত হলেও বর্তমানে কলেজের দখলে রয়েছে ১২৪ একর। সীমানাপ্রাচীর না থাকায় ইতিমধ্যে ২০ একর জায়গা বেদখল হয়ে গেছে। ক্যাম্পাসে সব মিলিয়ে মাত্র আধা কিলোমিটার জায়গার চারপাশে সীমানাপ্রাচীর রয়েছে। এর বাইরে কলেজের বিশাল জায়গা উন্মুক্ত। তাই বিকেলের পরপরই ক্যাম্পাস অনিরাপদ হয়ে পড়ে। পুরো ক্যাম্পাস পাহারা দেওয়ার জন্য মাত্র আটজন নৈশপ্রহরী কর্মরত রয়েছেন। সরেজমিনে সন্ধ্যার পরপরই ক্যাম্পাস বখাটে ও মাদকসেবীদের তৎপরতা দেখা যায়। প্রায় প্রকাশ্যেই ক্যাম্পাসের বিভিন্ন টিলায় অবস্থান নিয়ে কয়েকজনকে মাদক সেবন করতে দেখা গেছে।
ক্যাম্পাসে আসা দর্শনার্থীরা প্রায়ই এদের হাতে হেনস্তার শিকার হন বলে অভিযোগ পাওয়া যায়। কলেজ অধ্যক্ষ ধীরেশ চন্দ্র সরকার কলেজের ২০ একর জায়গা বেদখল হওয়ার বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, সীমানাপ্রাচীর না হওয়ায় জায়গা বেদখল হচ্ছে, এটি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে একাধিকবার লিখিতভাবে জানানো হয়েছে।