সীমানার মধ্যে থাকা দুই স্থাপনা তিন মাসের মধ্যে অপসারণের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালবাগ কেল্লার সীমানার মধ্যে থাকা স্থাপনা দুটি তিন মাসের মধ্যে অপসারণ করতে নির্দেশ দিয়েছেন সর্বোচ্চ আদালত। একই সঙ্গে আদালত স্থাপনার মালিকদের ৪০ লাখ টাকা দিতে বলেছেন। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন ছয় সদস্যের আপিল বেঞ্চ গতকাল বুধবার এ-সংক্রান্ত পুনর্বিবেচনা (রিভিউ) আবেদন নিষ্পত্তি করে এ আদেশ দেন।
রিভিউ আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। নিজ সম্পত্তি দাবি করে স্থাপনা নির্মাণকারী আবুল হাসেমের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী রোকন উদ্দিন মাহমুদ। পরে মনজিল মোরসেদ প্রথম আলোকে বলেন, আপিল বিভাগের নির্দেশ অনুসারে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালকের নেতৃত্বে তিন সদস্যবিশিষ্ট কমিটির প্রতিবেদন গত ২৪ মে দাখিল করা হয়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, লালবাগ কেল্লার মূল সীমানা আয়তাকার। কিন্তু সিএস রেকর্ড প্রস্তুতের সময় কিছু সম্পত্তি তিনজনের নামে রেকর্ড করা হয়। লালবাগ কেল্লার সীমানার মধ্যে অবৈধ প্রবেশ করে সম্পত্তি নিজ নামে রেকর্ড করে তাঁরা দখলে আছেন, প্রকৃতপক্ষে ওই সম্পত্তি লালবাগ কেল্লার। কেল্লার সীমানার মধ্যে থাকা ওই দুটি স্থাপনা তিন মাসের মধ্যে অপসারণ করতে এবং মালিকদের ৪০ লাখ টাকা দিতে সরকারকে নির্দেশ দিয়েছেন আদালত।
আইনজীবী সূত্র বলছে, কেল্লার ভেতর নিজ সম্পত্তি দাবি করে স্থাপনা নির্মাণের কাজ শুরু করেন আবুল হাসেম। প্রশাসনের পক্ষ থেকে বাধা দেওয়া হলে এর বৈধতা চ্যালেঞ্জ করে তিনি রিট করেন। রিটে পক্ষভুক্ত হয় হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ। শুনানি শেষে ২০১০ সালের ১০ অক্টোবর হাইকোর্ট কেল্লার ভেতরে থাকা স্থাপনা উচ্ছেদের নির্দেশ দেন। এই রায়ের বিরুদ্ধে আপিল করেন হাসেম। ২০১৪ সালের ৮ জুন আপিল বিভাগ আপিল নিষ্পত্তি করে রায় দেন। ফলে ওই স্থাপনা আর অপসারণ করা যায়নি। তবে হাইকোর্টের নির্দেশনার পরিপ্রেক্ষিতে পাঁচ সদস্যের জরিপ প্রতিবেদন যুক্ত করে আপিল বিভাগের রায় পুনর্বিবেচনা চেয়ে আবেদন করেন মনজিল মোরসেদ, যা গত ৬ এপ্রিল শুনানির জন্য ওঠে। সেদিন নিজ সম্পত্তি দাবি করে গড়া স্থাপনা লালবাগ কেল্লার সীমানার মধ্যে কি না, তা তদন্ত ও জরিপ করতে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালককে নির্দেশ দেন আদালত। এর ধারাবাহিকতায় প্রতিবেদন জমা পড়ে।