সীমান্ত অতিক্রমে নিষেধাজ্ঞা-সংক্রান্ত মতবিনিময়

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জয়পুরহাট ৩ ব্যাটালিয়নের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার দুপুরে পাঁচবিবি উপজেলার কয়া সীমান্ত এলাকায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি দিনাজপুর ৩ বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল হ্লা হেন মং বাংলাদেশ-ভারত সীমান্তের শূন্যরেখা অতিক্রম করে গরুসহ ভারতীয় অবৈধ পণ্য না আনার জন্য সীমান্তসংলগ্ন এলাকাবাসী ও গরু ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, সীমান্ত হত্যার মূল কারণ ভারত থেকে অবৈধ পথে গরু নিয়ে আসা। শুধু গরু নয়, অবৈধ পথে মাদক ও বিভিন্ন অবৈধ পণ্য আনতে গিয়েই প্রাণহানি ঘটছে সীমান্তে। এ ছাড়া অবৈধ পথে ভারতে প্রবেশ না করার এবং রাতে গ্রামবাসীকে কাঁটাতারের বেড়ার কাছে না যাওয়ার পরামর্শ দেন।
সভায় গ্রামবাসী সীমান্তের জমির মালিকানা নিয়ে জটিলতার পাশাপাশি নানা সুবিধা-অসুবিধার কথা তুলে ধরেন। আর গরু ব্যবসায়ীরা বৈধ পথে সরকারকে কর দিয়ে ভারত থেকে গরু নিয়ে আসার জন্য কয়া সীমান্তে করিডর খোলার দাবি জানান।