সীমান্ত এলাকায় শিশু উদ্ধার
সিলেটের গোয়াইনঘাট উপজেলার সীমান্ত এলাকা থেকে একটি শিশুকে উদ্ধার করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। গত বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে গোয়াইনঘাটে ভারত-বাংলাদেশ সীমান্তের ১২৭৪ মেইন পিলারের কাছে একা ঘোরাঘুরি করার সময় শিশুটিকে উদ্ধার করা হয়।
প্রায় সাত বছর বয়সী শিশুটি তার নাম রনি ও বাড়ি কুমিল্লা বলে জানায়। ৫ বিজিবি ব্যাটালিয়নের পরিচালকের দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এ তথ্য। বৃহস্পতিবার রাতে শিশুটিকে বিজিবি গোয়াইনঘাট থানা-পুলিশে দেয়। পুলিশ গতকাল শুক্রবার শিশুটিকে নিরাপত্তা হেফাজতে পাঠিয়ে পরিবারের সন্ধান করছে।
সীমান্ত এলাকা দিয়ে পাচার করতেই শিশুটিকে গুচ্ছগ্রামে রাখা হয়েছিল বলে বিজিবির ধারণা। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিক অনুসন্ধানে বিজিবি জেনেছে, শিশুটিকে সীমান্তের ওপারে পাচার করতে কুমিল্লা থেকে অপহরণ করে সীমান্ত এলাকার গুচ্ছগ্রামে একটি বাড়িতে রাখা হয়।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হাই জানান, শিশুটির কথায় ময়মনসিংহের আঞ্চলিক ভাষার টান লক্ষ করা গেছে।