সীমান্ত চুক্তি নিয়ে হতাশ ঢাকা
তিস্তার পানি চুক্তি নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অসম্মতি জানিয়েছিলেন দুই বছর আগেই। এবার সীমান্ত চুক্তি বাস্তবায়নে ভারতের সংবিধান সংশোধনী বিল উত্থাপনেও বিরোধিতা করল তাঁর দল তৃণমূল কংগ্রেস। প্রধান বিরোধী দল বিজেপি এ যাত্রায় বিলটির বিরোধিতায় শামিল না হলেও তৃণমূল সঙ্গী হিসেবে পেয়েছে আসাম গণপরিষদকে (অগপ)।
কংগ্রেসের নেতৃত্বাধীন প্রগতিশীল গণতান্ত্রিক জোট (ইউপিএ) সরকার পর পর তিন দফায় বিলটি উত্থাপনে ব্যর্থ হওয়ায় দীর্ঘদিনের অমীমাংসিত ভারত-বাংলাদেশের সীমান্ত সমস্যার সমাধানের ভবিষ্যৎ অনিশ্চিত রয়ে গেল।
ঢাকায় কূটনীতিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ভারতের সঙ্গে অমীমাংসিত সমস্যা সমাধান, বিশেষ করে সীমান্ত চুক্তির বাস্তবায়নের বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছিল। কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকারের পাশাপাশি বাংলাদেশের পক্ষ থেকে আলোচনা হয়েছে বিরোধী দলের সঙ্গেও। সর্বাত্মক চেষ্টার পরও তিস্তার মতো সীমান্ত সমস্যার সমাধানও না হওয়ায় হতাশা তৈরি হয়েছে বাংলাদেশের কর্মকর্তাদের মাঝে।
অবশ্য ভারতের সঙ্গে প্রধান দুটি অমীমাংসিত বিষয়ের সুরাহা না হওয়া নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করতে রাজি নন ঢাকার কর্মকর্তারা।
নাম প্রকাশ না করার শর্তে দায়িত্বশীল একাধিক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, এ পরিস্থিতিতেও দ্বিপক্ষীয় সমস্যা সমাধানে বাংলাদেশ আশাবাদী। কারণ, সীমান্ত চুক্তি অনুমোদনে ভারতের সংবিধান সংশোধনী বিল সংসদে উত্থাপিত না হলেও এ বিষয়ে সুরাহার ব্যাপারে দিল্লির পক্ষ থেকে এখনো বাংলাদেশকে আশ্বস্ত করা হচ্ছে।
এদিকে ঢাকার একজন জ্যেষ্ঠ কর্মকর্তার মতে, ভুল সময়ের বৃত্তে আটকে গেছে প্রতিবেশী দুই দেশের অন্যতম দুটি সমস্যা। দুই দেশের সংসদ নির্বাচনের দিনক্ষণ ঘনিয়ে আসায়, বিশেষ করে ভারতের অভ্যন্তরীণ রাজনীতির ফাঁদে পড়ে গেছে তিস্তা ও সীমান্ত সমস্যা। তাই সমস্যা সমাধানে দুই দেশের সরকার আন্তরিক থাকলেও শেষ পর্যন্ত অভ্যন্তরীণ রাজনীতি হয়ে গেছে মূল নিয়ামক।
এ প্রসঙ্গে সংশ্লিষ্ট একজন কর্মকর্তা পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সাম্প্রতিক দিল্লি সফরের কথা উল্লেখ করেন। তিনি বলেন, দীপু মনির সঙ্গে বৈঠকে ভারতের প্রধান বিরোধীদলীয় নেতা অরুণ জেটলি বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার ওপর জোর দেন। সেই সঙ্গে তিনি সীমান্ত চুক্তি নিয়ে উদ্বেগ রয়েছে—বিজেপির এমন সহকর্মীদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনার কথা বলেন।
দীপু মনির ওই সফরের কয়েক দিন পর অরুণ জেটলির সহকর্মী ও ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী যশোবন্ত সিনহা রাজ্যসভায় সাংবাদিকদের বলেন, বিজেপি সীমান্ত চুক্তির বিরোধিতা করবে। কারণ, ইউপিএ সরকার বিজেপির সঙ্গে আলোচনা না করেই চুক্তিটি সই করেছে। অথচ দীপু মনির সঙ্গে আলোচনায় অরুণ জেটলি ইউপিএ সরকারের বিরুদ্ধে এমন কোনো অভিযোগ তোলেননি।
কূটনৈতিক সূত্রে জানা গেছে, ৬ সেপ্টেম্বর শেষ হচ্ছে ভারতের রাজ্যসভার বর্ষাকালীন অধিবেশন। বর্তমান পরিস্থিতিতে এ নিয়ে সুরাহার তেমন কোনো আভাস মিলছে না।
তবে প্রথম আলোর নয়াদিল্লি প্রতিনিধি জানিয়েছেন, মমতার কাছে সীমান্ত চুক্তির যৌক্তিকতা তুলে ধরতে প্রয়োজনে কলকাতা যেতে তৈরি আছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদ। আজ সোমবার অথবা কাল মঙ্গলবার তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সদস্য মুকুল রায়ের দিল্লি পৌঁছানোর কথা। মুকুল রায়ের সঙ্গে আলোচনার পর সালমান খুরশিদ নিশ্চিত হতে পারবেন, মমতার সঙ্গে কলকাতায় তাঁর সাক্ষাতের সুযোগ মিলবে কি না।
দিল্লির কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, মূলত মমতার সঙ্গে সালমানের বৈঠকের মাধ্যমে ভারত সরকার সমস্যা সমাধানে তার ঐকান্তিক ইচ্ছার বিষয়টি বাংলাদেশের কাছে তুলে ধরতে চায়। বিশেষ করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক ঢাকার কাছে ইতিবাচক বার্তা পৌঁছাবে বলে মনে করেন দিল্লির কর্মকর্তারা।
এদিকে এই অধিবেশনের পর আগামী নভেম্বরের মাঝামাঝি শুরু হবে রাজ্যসভার শীতকালীন অধিবেশন। আর বড়দিনের আগেই শেষ হবে ওই অধিবেশন। এ সময়ের আগেই বাংলাদেশের বর্তমান সরকারের মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে। আর ভারতের শীতকালীন অধিবেশনে সংগত কারণেই আগামী বছরের শুরুতে অনুষ্ঠেয় নির্বাচনকে কেন্দ্র করে অভ্যন্তরীণ বিষয়গুলোই প্রাধান্য পাবে। যদিও নির্বাচন এগিয়ে আনতে সরকারের ওপর অব্যাহতভাবে চাপ দিয়ে যাচ্ছে প্রধান বিরোধী দল বিজেপি।