সীমান্ত চুক্তি বিল বন্ধনকে দৃঢ় করবে: পঙ্কজ সরন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার পঙ্কজ সরন বলেছেন, ভারতীয় সংসদে সীমান্ত চুক্তি বিল অনুমোদিত হওয়ার মধ্যে দিয়ে ভারত-বাংলাদেশ মৈত্রীতে যে নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে তা এই দুই দেশের বন্ধনকে আরও দৃঢ় করবে।

আজ সোমবার সকাল ১০টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে পঙ্কজ সরনকে সম্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

পঙ্কজ সরন বলেন, বাংলাদেশ ও ভারত পাশাপাশি অবস্থিত দুই বন্ধুপ্রতিম দেশ অভিন্ন ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্যের উত্তরাধিকারী। এই গৌরবময় উত্তরাধিকারকে ধরে রাখতে দুই দেশের মানুষকে একসঙ্গে কাজ করে যেতে হবে। দুই দেশের সম্পর্ক শুধু সরকারের ওপর নির্ভরশীল নয়। এ সম্পর্ক দুই দেশের জনগণের মধ্যকার সম্পর্ক।

দুই দেশের সক্রিয় উদ্যোগে সীমান্ত চুক্তি সফলতার মুখ দেখেছে উল্লেখ করে পঙ্কজ সরন বলেন, ‘তিস্তা চুক্তিসহ দ্বিপক্ষীয় অন্যান্য বিষয়েও কার্যকর সমাধানে ভারত আশাবাদী। বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সমস্যা একই ধরনের। তাই আমাদের একসঙ্গে সমাধান খুঁজতে হবে। শিক্ষা ক্ষেত্রে দুই দেশের পারস্পরিক সহযোগিতা আরও বৃদ্ধির করার তাগিদ দিয়ে তিনি বলেন, দুই দেশের সম্পর্ক উন্নয়ন শিক্ষা ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার ওপর অনেকাংশে নির্ভর করে।’

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যের কথা উল্লেখ করে ভারতীয় এই হাইকমিশনার বলেন, দক্ষিণ এশিয়ার অন্যতম সুন্দর এই বিশ্ববিদ্যালয়টি জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়টির সঙ্গে ভারতের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণামূলক পারস্পরিক সহযোগিতা আরও বৃদ্ধির আশ্বাস দেন তিনি।

সভাপতির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহম্মদ মিজানউদ্দিন বলেন, অভিন্ন ইতিহাস ও সংস্কৃতির ধারক হওয়ায় দুই দেশের মধ্যে পারস্পরিক আদান-প্রদান অত্যন্ত কার্যকর ও গুরুত্বপূর্ণ। বাংলাদেশের বর্তমান সরকারের সময় দুই দেশের মধ্যে সুসম্পর্কের যে নতুন ধারা উন্মোচিত হয়েছে তা এগিয়ে নিতে যৌথভাবে কাজ করে যেতে হবে।

বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও সংগীত বিভাগে শিক্ষা উপকরণ প্রদানসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষা কার্যক্রমে ভারতীয় হাইকমিশনের সহযোগিতায় এবং বাংলাদেশ-ভারত সম্পর্কের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদানের জন্য পঙ্কজ সরনকে বিশ্ববিদ্যালয়ের পক্ষÿথেকে এ সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সহ-উপাচার্য চৌধুরী সারওয়ার জাহান। অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার সন্দীপ মিত্র, ঢাকায় হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি সুমিত চতুর্বেদিসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকেরা উপস্থিত ছিলেন।