
বাংলাদেশের সঙ্গে স্থলসীমান্ত চুক্তির প্রটোকল বাস্তবায়নের জন্য ভারতের সংবিধান সংশোধনী বিলটি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়বিষয়ক পার্লামেন্টারি স্থায়ী কমিটিতে আলোচনা করা হবে। আর তিস্তা নদীর পানিবণ্টন চুক্তি সইয়ের জন্য পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের সঙ্গে ঐকমত্যে পৌঁছানোর চেষ্টা চালাচ্ছে বিজেপি সরকার।
প্রতিবেশী বাংলাদেশের সঙ্গে দীর্ঘদিনের অমীমাংসিত বিষয় দুটিতে নরেন্দ্র মোদির সরকারের নেওয়া এই পদক্ষেপের কথা জানান ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। গতকাল সোমবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত তাঁর প্রথম সংবাদ সম্মেলনে সুষমা স্বরাজ সরকারের পররাষ্ট্রনীতির মূল ও তাঁর মন্ত্রণালয়ের ১০০ দিনের কাজের খতিয়ান তুলে ধরেন। নরেন্দ্র মোদির সরকারের ১০০ দিন পূর্তিতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে সুষমা স্বরাজ পালাটানা বিদ্যুৎকেন্দ্র থেকে বাংলাদেশকে বিদ্যুৎ দেওয়া হবে বলে জানান। তিনি বাংলাদেশে আটক আসামের বিচ্ছিন্নতাবাদী নেতা অনুপ চেটিয়া এবং বিজেপির বহুল আলোচিত ‘অনুপ্রবেশ’ ইস্যু নিয়েও কথা বলেন।
স্থলসীমান্ত ও তিস্তা চুক্তির অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে সুষমা স্বরাজ বলেন, নতুন সরকার গঠিত হওয়ার পর পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত পার্লামেন্টারি কমিটি নতুনভাবে গঠিত হয়েছে। ওই কমিটিতে স্থলসীমান্ত-সংক্রান্ত বিলটি নিয়ে আলোচনা হবে। এ জন্য রাজনৈতিক সিদ্ধান্ত প্রয়োজন। এ ছাড়া তিস্তা চুক্তির বিষয়ে ঐকমত্যের চেষ্টা চলছে। ঢাকা সফরের সময় এ বিষয়গুলো বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে জানানো হয়েছে।
সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও কংগ্রেস নেতা শশী থারুরকে প্রধান করে পররাষ্ট্র মন্ত্রণালয়বিষয়ক পার্লামেন্টারি (রাজ্যসভা ও লোকসভা) স্থায়ী কমিটি সম্প্রতি পুনর্গঠন করা হয়। কংগ্রেস নেতৃত্বাধীন প্রগতিশীল গণতান্ত্রিক জোট সরকার (ইউপিএ) তাদের মেয়াদে তৃণমূল কংগ্রেস ও আসাম গণপরিষদসহ (অগপ) বেশ কয়েকটি বিরোধী দলের বিরোধিতায় স্থলসীমান্ত চুক্তি বাস্তবায়নের জন্য ভারতের সংবিধান সংশোধনী বিলটি পাস করাতে পারেনি। অবশ্য গত বছরের ডিসেম্বরে শেষ পর্যন্ত বিলটি রাজ্যসভায় উত্থাপনে সমর্থ হয় ইউপিএ সরকার। এখন বিলটি নিয়ে কমিটির আলোচনার পর প্রথমে রাজ্যসভায় ও পরে লোকসভার ভোটাভুটিতে যাবে। তবে কমিটির বিবেচনার ওপরেই বিলটির ভাগ্য নির্ভর করছে। ২০১১ সালের সেপ্টেম্বরে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ঢাকা সফরের সময় ’৭৪-এর সীমান্ত চুক্তি বাস্তবায়নের জন্য প্রটোকলটি সই হয়।
আসামের বিচ্ছিন্নতাবাদী নেতা অনুপ চেটিয়াকে দ্রুত ফিরে পেতে আগ্রহী ভারত। এ প্রসঙ্গে সুষমা স্বরাজ বলেন, শিগগিরই তাঁকে ফিরিয়ে আনা যাবে।
অনুপ্রবেশের বিষয়টি বিজেপির কাছে অত্যন্ত স্পর্শকাতর। নির্বাচনের আগে ও পরে এই নিয়ে বিজেপির বিভিন্ন নেতা সরব। এ বিষয়ে প্রশ্ন করা হলে সুষমা স্বরাজ জানান, ঢাকা সফরের সময়ই এ বিষয় নিয়ে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনা করেছিলেন।
ত্রিপুরার পালাটানায় বিদ্যুৎকেন্দ্র স্থাপনে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ভারী যন্ত্রপাতি পরিবহন করা হয়। অথচ প্রতিশ্রুতি অনুযায়ী এখনো বাংলাদেশের কাছে বিদ্যুৎ বিক্রির প্রক্রিয়া শুরু হয়নি। ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার সম্প্রতি প্রথম আলোর সঙ্গে আলাপের সময় এ নিয়ে খেদ প্রকাশ করেন। সংবাদ সম্মেলন শেষে পররাষ্ট্রমন্ত্রীকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘বিদ্যুৎ বাংলাদেশ পাবে। আমি ঢাকা সফরের সময়েই তা জানিয়ে এসেছি।’
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২০ সেপ্টেম্বর অনুষ্ঠেয় বাংলাদেশ-ভারত যৌথ পরামর্শক কমিটির (জেসিসি) বৈঠকে দ্বিপক্ষীয় সব বিষয় নিয়ে আলোচনা হবে। বৈঠকে যোগ দিতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর ১৮ সেপ্টেম্বর নয়াদিল্লি পৌঁছানোর কথা রয়েছে।
সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে সুষমা তাঁর মন্ত্রণালয়ের সাফল্যের উল্লেখ করে বলেন, সরকারের বিদেশনীতির বিশেষত্ব হচ্ছে প্রতিবেশীর প্রতি গুরুত্ব, জনগণের প্রতি সংবেদনশীল ও সক্রিয়তা। তিনি বলেন, ‘দ্বিপক্ষীয় সম্পর্ক একতরফা হতে পারে না। সেটা আমরা পাকিস্তান, চীন ও আমেরিকা—তিন শক্তিশালী দেশকেই বুঝিয়ে দিয়েছি।’ পাকিস্তানকে যেমন বলা হয়েছে, হয় তারা সরকারের সঙ্গে কথা বলুক, না হয় বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে। আমেরিকাকে বলা হয়েছে, ভারতকে তারা বন্ধু বলবে, অথচ ভারতীয় নেতাদের ওপর গোপনে নজরদারি করবে, তা চলবে না। এবং চীনকে বলা হয়েছে, তারা যেমন তাইওয়ান প্রশ্নে সংবেদনশীল, ভারতও তেমন অরুণাচল নিয়ে সংবেদনশীল। অতএব, ভারতের সংবেদনশীলতার প্রতি তাদের শ্রদ্ধাশীল হতে হবে। চীন প্রসঙ্গে সুষমা জানান, ওই দেশটির সঙ্গে ভারতের সম্পর্ক সহযোগিতা ও প্রতিযোগিতার।
পাকিস্তানের সঙ্গে বন্ধ হয়ে যাওয়া দ্বিপক্ষীয় আলোচনা আদৌ শুরু হবে কি না, জানতে চাওয়া হলে সুষমা বলেন, ভারত তার আগ্রহের প্রমাণ তিন-তিনবার দিয়েছে। প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে শপথ গ্রহণে আমন্ত্রণ জানিয়ে, আটারি-ওয়াগগা সীমান্তে বাণিজ্য শুরু করার প্রস্তাব দিয়ে এবং দ্বিপক্ষীয় আলোচনায় ইসলামাবাদে যেতে চেয়ে। কাদের তারা বাছবে, সেটা তাদের ব্যাপার। এই বিরতি যে শেষ কথা নয়, তা বুঝিয়ে তিনি বলেন, রাজনীতি-কূটনীতিতে কমা, সেমিকোলনই চিরন্তন। পূর্ণচ্ছেদ বলে কিছু নেই।