সীমান্ত চুক্তির অনুমোদন লাগবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের ক্ষমতাসীন দল জাতীয় কংগ্রেসের প্রভাবশালী নেতা ও পার্লামেন্টের স্টাডিজ অ্যান্ড ট্রেনিং ব্যুরোর অবৈতনিক উপদেষ্টা রাশিদ আলভি বলেছেন, বাংলাদেশের সঙ্গে ভারত সরকার যে সীমান্ত চুক্তি করেছে, তা বাস্তবায়নের জন্য ভারতীয় সংসদের অনুমোদনের বাধ্যবাধকতা নেই। কেননা, কেন্দ্রীয় সরকার জনগণের রায় নিয়েই এ চুক্তি সই করেছে।

আলভি চুক্তির ব্যাপারে বিজেপির নেতা এল কে আদভানির ইতিবাচক মন্তব্যেরও প্রশংসা করেন। গতকাল সোমবার ভারতের সংসদ ভবনে সফররত বাংলাদেশের একদল সাংবাদিকের সঙ্গে আলোচনাকালে তিনি এই অভিমত প্রকাশ করেন। বাংলাদেশের সাংবাদিক প্রতিনিধিদল সফরের দ্বিতীয় দিন ভারতের সংসদ ভবন পরিদর্শন করেন এবং সংসদের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত হন।

অবিভক্ত ভারতে সংসদের কার্যক্রম শুরু হলেও তা পূর্ণাঙ্গ রূপ পায় ১৯৪৭ সালে, স্বাধীনতার পর। বর্তমানে ভারতে লোকসভা ও রাজ্যসভার পাশাপাশি ২৮টি রাজ্যের বিধানসভা ও সাতটি ইউনিয়ন টেরিটরি নিয়ে ফেডারেল গণতান্ত্রিক ব্যবস্থা চালু আছে।

উত্তর প্রদেশ থেকে একাধিকবার নির্বাচিত সাবেক এই লোকসভার সদস্য ভারতের পার্লামেন্টারি কার্যক্রম ব্যাখ্যা করতে গিয়ে বলেন, ৬৮ বছরের ইতিহাসে ভারত নানা চড়াই-উতরাইয়ের মধ্য দিয়ে গেলেও এক দিনের জন্যও গণতান্ত্রিক ধারাবাহিকতা ব্যাহত হয়নি। তিনি বলেন, গণতান্ত্রিক ব্যবস্থার অন্যতম পূর্বশর্ত হলো শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতার পালাবদল।

বাংলাদেশের সাংবাদিকেরা দুই দেশের মধ্যকার সম্পর্ক এবং তিস্তা চুক্তির ব্যাপারে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তি, সীমান্ত বিরোধ নিষ্পত্তি চুক্তি ভারতীয় পার্লামেন্টে উত্থাপিত না হওয়া নিয়ে দৃষ্টি আকর্ষণ করলে রাশিদ আলভি বলেন, বিদেশের সঙ্গে ভারতের যেসব চুক্তি হয়, সেগুলোর দায়িত্ব কেন্দ্রীয় সরকারের। এসব চুক্তি পার্লামেন্টে উত্থাপিত হতেই হবে এমন কথা নেই। এ প্রসঙ্গে তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে সই হওয়া পারমাণবিক সহায়তা কর্মসূচির উদাহরণ দিয়ে বলেন, সেই চুক্তি সংসদে উত্থাপনের জন্য বাম দলগুলো অনেকবার দাবি জানিয়েছিল। কিন্তু মনমোহন সিংয়ের সরকার তা নিয়ে সংসদে একবারও আলোচনা করেনি। এমনকি এই চুক্তির বিরোধিতা করে বাম দলগুলো ইউপিএ সরকারের থেকে সমর্থনও প্রত্যাহার করে নিয়েছিল। তা সত্ত্বেও চুক্তিটি কার্যকর হয়েছে।